ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, গবেষণার মান উন্নয়ন, ক্যাম্পাসে রাজনীতির প্রভাব এবং বিগত প্রশাসনের বিতর্কিত ঘটনাবলি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম নিজের অবস্থান ও দর্শন ব্যক্ত করেছেন। ৫ আগস্ট-পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।
বাংলা ট্রিবিউন: উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার ভিশন বা পরিকল্পনা কী? শুরুতে এই বিষয়ে যদি কিছু বলতেন।
এ বি এম ওবায়দুল ইসলাম: উপাচার্য হিসেবে আমার মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির কাছে একটি পথিকৃৎ এবং প্রাচীনতম প্রতিষ্ঠান। বর্তমানে এটি যে অবস্থানে আছে, সেখান থেকে একে বিশ্বদরবারে আরও সুপরিচিত করতে হবে। বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে এর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে শিক্ষা ও গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো মূলত ‘টিচিং ইউনিভার্সিটি’, তবে গবেষণাও অপরিহার্য। গবেষণার মান যদি আমরা বিশ্বমানে উন্নীত করতে না পারি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে না পারি, তবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।
এর জন্য পর্যাপ্ত ফান্ডের প্রয়োজন। পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে সরকার আমাদের যে বাজেট দেয়, তার সিংহভাগ বেতন-ভাতায় চলে যায়; গবেষণার জন্য বরাদ্দ থাকে সামান্যই। তাই আমার চিন্তা হলো ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি’ কোলাবরেশন বা শিল্পের সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটানো। আমাদের অ্যালামনাইদের মধ্যে যারা শিল্পপতি আছেন, তাদের সহযোগিতা নিতে হবে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সুযোগ সৃষ্টির জন্য যোগাযোগ বৃদ্ধি করতে হবে এবং গবেষকদের উৎসাহিত করতে হবে। আমরা অতিরিক্ত বাজেট বরাদ্দের জন্য সরকারের কাছেও জোরালো আবেদন জানাবো, যাতে বড় রিসার্চ সেন্টার তৈরি ও যৌথ গবেষণা করা যায়। বিশ্ব র্যাংকিংয়ে এগিয়ে থাকার জন্য গবেষণাসহ র্যাংকিংয়ের প্রতিটি প্যারামিটার বা সূচকের উন্নয়নে আমরা কাজ করবো। প্রতিকূলতা মোকাবিলা করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। আমি আমার টিম ও হবু উপ-উপাচার্যদের নিয়ে গবেষণার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা করছি।
বাংলা ট্রিবিউন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়ের চেয়ে রাজনৈতিক নির্ভরতা বেশি হয়ে গেছে বলে অনেকেই মনে করেন। এই বিষয়ে আপনার অবস্থান কী?
এ বি এম ওবায়দুল ইসলাম: রাজনীতিকে আমি ইতিবাচকভাবে দেখি, কারণ রাজনীতিই সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। রাজনীতির দর্শন বা আদর্শ কখনও খারাপ নয়, তবে এর নেতিবাচক প্রয়োগ নিন্দনীয়। ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই কোনও না কোনও রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে— প্রকাশ্য হোক বা সুপ্তভাবে। তবে আমি চাইবো, রাজনীতি যেন বিশ্ববিদ্যালয়কে কলুষিত না করে। আমি সংশ্লিষ্ট সবাইকে বলবো যার রাজনীতি তার কাছে থাকুক, কিন্তু বিশ্ববিদ্যালয় সবার। আমি যখন এই চেয়ারে বসেছি, তখন আমার পরিচয় আমি সর্বজনীন উপাচার্য অর্থাৎ সবার জন্য। আমি সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের জন্য দায়বদ্ধ। আমার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস যেন আমার প্রশাসনিক সিদ্ধান্তে কোনও প্রভাব না ফেলে— এটি নিশ্চিত করাই আমার লক্ষ্য।
বাংলা ট্রিবিউন: বিগত প্রশাসনের সময় তোফাজ্জল বা সাম্য হত্যা এবং নারীদের চলাচলে অলিখিত নিষেধাজ্ঞার মতো কিছু বিতর্কিত ঘটনা ঘটেছে। বিকাল ৫ টার পরে নারীরা সেন্ট্রাল ফিল্ডে ঢুকতে পারতো না— এটা একটা অলিখিত নিষেধাজ্ঞা ছিল। তৎকালীন প্রশাসনের ভূমিকাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?
এ বি এম ওবায়দুল ইসলাম: একেকজন মানুষের কাজের ধরন ও নেতৃত্বের শৈলী ভিন্ন। আমি নিজেকে সেরা দাবি করি না, আমার চেয়েও যোগ্য মানুষ থাকতে পারেন। বিশ্ববিদ্যালয় পরিচালনা একটি ‘টিম ওয়ার্ক’। উপাচার্য, প্রক্টরিয়াল টিম, ডিন, প্রভোস্ট ও ছাত্র সংসদ (ডাকসু)— সবাই মিলে একটি দল। এই দলের নেতা যদি সঠিক দিকনির্দেশনা দিতে পারেন, তবে সবাই তা সাদরে গ্রহণ করে।
বিগত সময়ে ৫ আগস্ট-পরবর্তী চরম অস্থিতিশীল পরিস্থিতিতে যিনি দায়িত্ব পালন করেছেন, তাকে আমি সাধুবাদ জানাই। সেই উত্তাল সময়ে দায়িত্ব পালন করা ছিল বিশাল চ্যালেঞ্জ। আমি বলবো না যে তিনি কিছুই করেননি; অবশ্যই তিনি বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্য চেষ্টা করেছেন। তবে মানুষের সীমাবদ্ধতা থাকতেই পারে। তৎকালীন দেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে তার ভূমিকাকে আমি ইতিবাচকভাবেই দেখি এবং কোনও বিচ্যুতি থাকলে তাকে আমি কেবল ব্যক্তিগত সীমাবদ্ধতা হিসেবেই বিবেচনা করি।
বাংলা ট্রিবিউন: বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অবস্থা কেমন দেখছেন? ৫ আগস্টের পর রাজনীতির মেরুকরণ, ফার রাইট পলিটিকসের উত্থান বা বিশ্ববিদ্যালয়ের সেক্যুলার চরিত্র হারানোর কোনও আশঙ্কা অনুভব করেন কি?
এ বি এম ওবায়দুল ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। এখানে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে এবং আমি কাউকে বাধা দিতে পারি না। তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনও সিদ্ধান্ত সামষ্টিক স্বার্থবিরোধী না হয়। কোনও নির্দিষ্ট গোষ্ঠী বা দলের ব্যক্তিগত দাবির চেয়ে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নই মুখ্য। সব সংগঠনই তাদের আদর্শিক চর্চা করবে, তাতে আমাদের দ্বিমত নেই।
পাশাপাশি, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে আমাদের কারিকুলাম বা পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে। কেবল সার্টিফিকেটের ওপর নির্ভর না করে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও ডিবেটিংয়ের মতো সহশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে। বর্তমান করপোরেট বিশ্বে চাকরির ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্বগুণ অত্যন্ত জরুরি, যা এসব কার্যক্রমের মাধ্যমেই অর্জিত হয়।
বাংলা ট্রিবিউন: বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গবেষণার অবস্থা কেমন? রাজনৈতিক অস্থিরতা বা করোনা মহামারি গবেষণায় কতটা প্রভাব ফেলেছে?
এ বি এম ওবায়দুল ইসলাম: বৈশ্বিক অস্থিরতা বা যুদ্ধবিগ্রহের প্রভাব সবখানেই পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মেধাবী গবেষক রয়েছেন, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের বড় দায়িত্ব। সবার নেটওয়ার্কিং বা আন্তর্জাতিক যোগাযোগ সমান নয়। যাদের যোগাযোগ ভালো তারা ফান্ড আনতে পারেন, অন্যদের গবেষণা ফান্ড স্বল্পতায় কিছুটা দুর্বল হয়। তবে আমাদের শিক্ষকদের গবেষণার সক্ষমতা প্রশ্নাতীত। আমরা পরিবেশ উন্নত করার সর্বোচ্চ চেষ্টা করছি।
বাংলা ট্রিবিউন: জুলাই আন্দোলনে ভূমিকার কারণে অনেক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হয়েছে। আবার নিষিদ্ধ সংগঠনের অনেক শিক্ষার্থী যারা হামলায় ছিল না, তারা ক্লাস-পরীক্ষায় ফিরতে ভয় পাচ্ছে। তাদের জন্য আপনার কোনও বার্তা আছে কি?
এ বি এম ওবায়দুল ইসলাম: আমি উপাচার্য হিসেবে মাত্র দায়িত্ব গ্রহণ করলাম। ঈদের ছুটির পর আজই প্রথম দাফতরিক কাজ শুরু হলো। এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন তদন্ত কমিটি বা বডি কাজ করছে। আমাকে কিছুটা সময় দিন। আমি ফাইলগুলো পর্যালোচনা করবো এবং তথ্য নেবো। আমি চাই না আমার মাধ্যমে কোনও ভুল দৃষ্টান্ত স্থাপিত হোক। তবে এটুকু নিশ্চিত করতে পারি যে, আমার কাছে সবাই ন্যায়বিচার পাবে। আমি পরিস্থিতির ওপর গভীর নজর রাখছি এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেবো।