Image description

গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট ছিল বলেই গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। 

তিনি বলেন, যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত হয় নাই, তাদের নোট অফ ডিসেন্ট আছে, সেজন্যই মূলত গণভোটটা এসেছে।  যাতে জনগণ আসলে ওই ইস্যুতে কী চায়, তাদের মতামত কী তা যাচাই করার জন্যই গণভোটের আয়োজন করা হয়েছে।  তা নাহলে তো আমরা (রাজনৈতিক দলগুলো) শুধুমাত্র নোট অব ডিসেন্ট সহ স্বাক্ষর করে দিয়ে বলতে পারতাম যে, এবার যারা ক্ষমতায় আসবে তারা তাদের দলীয় ইশতেহার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। 

এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

সারোয়ার তুষার বলেন, কিছু গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে যখন দলগুলো একমত হচ্ছিল না, তখন এক পর্যায়ে সবাই সম্মত হলেন, ওই বিষয়গুলোতে জনগণের কাছে যাওয়া উচিত, তাদের মতামত জানা উচিত।  সে কারণেই গণভোটের সিদ্ধান্ত হলো।  এখন যেহেতু জনগণ সেই বিষয়গুলোতে মতামত দিয়ে ফেলেছে, হ্যাঁ ভোট পাশ করেছে।  এখন গণভোটের ওই বিষয়ে আর দলীয় ইশতেহার কিংবা নোট অব ডিসেন্ট প্রাধান্য পাবে না, এটাই স্বাভাবিক।  এই কমন সেন্স বিএনপির মত দল বুঝবে না, বা বুঝতে চাইবে না এটা আমি বিশ্বাস করি না।  

তিনি বলেন, বিএনপিকে কনসেপচুয়ালি ব্যাপারটা বুঝতে হবে যে, নোট অব ডিসেন্ট সারা পৃথিবীতে মানে হচ্ছে- দ্বিমত সহকারে আমি একমত। অর্থাৎ, আমার দ্বিমত আছে বাট ইউ প্রসিড স্টিল।  অর্থাৎ, যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো যেন ঝামেলা না থাকে এইজন্যই গণভোটটা আয়োজন করা হয়েছে। এখানে যখন জনগণ হ্যাঁ ভোট দিয়ে দিয়েছে তখন ওটাই প্রিভেল করবে।