Image description
ইরানের হাতে তুরুপের তাস, লড়ছে একাই

মধ্যপ্রাচ্যের আগুন এবার ছড়িয়ে পড়েছে বিশ্ব অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল ধমনি হরমুজ প্রণালিতে। খামেনির মৃত্যুর পর মার্কিন ও ইসরাইলি আগ্রাসন রুখতে বিশ্বের অন্যতম প্রধান এই তেল সরবরাহকারী রুটটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। কৌশলগত এই জলপথকে এখন নিজেদের সবচেয়ে বড় ‘তুরুপের তাস’ হিসাবে ব্যবহার করছে তেহরান। বৈশ্বিক জ্বালানির এই লাইফলাইন অবরুদ্ধ হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। হু হু করে বাড়ছে তেল ও গ্যাসের দাম। উত্তপ্ত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি মোতায়েন করেছে ফ্রান্স।

অন্যদিকে, ইরানকে হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজে বাণিজ্যিক জাহাজ ও তেলের ট্যাংকারের শতভাগ নিরাপত্তা দেবে মার্কিন নৌবাহিনী। এক্ষেত্রে যে কোনো বাধা গুঁড়িয়ে দেওয়া হবে। পশ্চিমাদের এমন অবস্থানের বিপরীতে কড়া ভাষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া ও চীন। হরমুজ প্রণালির এই উত্তাল জলসীমায় পরাশক্তিগুলোর এমন মুখোমুখি ও অনড় অবস্থান গোটা বিশ্বকে এখন এক চরম অনিশ্চয়তা ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

সামরিক সংঘাতের এই তীব্রতা ছড়িয়ে পড়েছে শ্রীলংকা উপকূলেও। যুক্তরাষ্ট্রের দাবি, ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এছাড়াও অন্তত ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে তারা। গেল ৫ দিনে ইরানের ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন, এতে অংশ নিয়েছে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সর্বাত্মক আক্রমণ, অন্যদিকে তাদের ইউরোপীয় মিত্রদের পরোক্ষ সমর্থন-সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই অসম যুদ্ধে একাই লড়ছে ইরান। এতবড় পরাশক্তির রক্তচক্ষুর সামনে দাঁড়িয়েও নিজেদের জলসীমায় বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তেহরান।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বুধবার প্রণালিতে একটি কনটেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ভূপাতিত করেছে আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান। সৌদি আরবে সিআইএর একটি স্টেশন ও কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া বাহরাইন, জর্ডান, ইরাক, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্তত ১২টি দেশে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি বিভিন্ন কৌশলগত স্থাপনায়ও হামলা করছে দেশটি। ইরানের দাবি, তাদের সবচেয়ে উন্নত অস্ত্র এখনো ব্যবহারই করেনি তারা।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, চলমান সংঘাতে দেশটিতে শিশুসহ ১ হাজার ১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাতকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়েছে রাশিয়া ও চীন। খবর বিবিসি, রয়টার্স, এএফপি, আলজাজিরা, সিএনএন ও ব্লুমবার্গসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বাণিজ্য রুট নিরাপদ রাখতে হবে-চীন : চীন সরাসরি যুদ্ধের বিরোধিতা করার পাশাপাশি তাদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা-হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি ও বাণিজ্য পরিবহণ নিরাপদ রাখার ওপর সর্বোচ্চ জোর দিয়েছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আমরা সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার, উত্তেজনা কমানোর এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার অধিকারকে সমর্থন করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দিকে ইঙ্গিত করে বলেছেন, বড় দেশগুলোর উচিত নয় তাদের সামরিক শক্তির অপব্যবহার করে অন্য দেশে যথেচ্ছ হামলা চালানো। বিশ্বকে কোনোভাবেই ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে ফিরে যেতে দেওয়া যায় না।

কড়া সমালোচনা রাশিয়ার : মার্কিন-ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়াও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই হামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত পরিস্থিতি ও পারমাণবিক ইস্যুকে ‘নিয়ন্ত্রণের বাইরে’ নিয়ে যেতে পারে। ক্রেমলিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই অভিযানকে ‘বিনা উসকানিতে সশস্ত্র আগ্রাসন’ বলে আখ্যায়িত করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে এটি পুরো বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে।

ভূমধ্যসাগরে ফ্রান্সের বিমানবাহী রণতরি : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি ‘চার্লস দ্য গল’ পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ নির্দেশ দেন। ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স একটি জোট গড়ার চেষ্টায় রয়েছে। এ জোট মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে সমুদ্রপথে বিপজ্জনক হয়ে ওঠা জাহাজ চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখতে সহায়তা করবে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে-আইআরজিসি : ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখার কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, এ মুহূর্তে হরমুজ প্রণালির ওপর ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ওই সমুদ্রপথে চলা ট্যাংকারগুলোর পাহারায় তিনি মার্কিন নৌবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

কাতারে আল-উদাইদ বিমান ঘাঁটিতে হামলা : কাতারে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদাইদ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে পড়েছে।

হরমুজে কার্গো জাহাজে ইরানি হামলা : ওমানের কাছে হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওমানি নৌবাহিনী দ্রুত ওই ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয়। জাহাজটির ২৪ জন নাবিককে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা : সৌদি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে ড্রোন হামলা হয়েছে। তবে এ নিয়ে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে সৌদি আরব বলেছে, তারা ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত। দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত : ইরান আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা বিমানটিকে ভূপাতিত করে। এর আগে ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযানসংক্রান্ত শাখা খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স গত সোমবার তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে।

সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ : সংযুক্ত আরব আমিরাতে ছোড়া আরও ৩টি ক্ষেপণাস্ত্র ও ১২১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে আটটি ড্রোন দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তুরস্কের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত : তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মোতায়েন করা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, বুধবার ভারত মহাসাগরের শ্রীলংকা উপকূলে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দিয়েছে তারা। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ওই ঘটনায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। হেগসেথ অভিযোগ করেন, ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু শেষ হাসি কিন্তু ট্রাম্পই হেসেছেন।

ইরানে যিনিই সর্বোচ্চ নেতা হবেন, তাকেই হত্যা-ইসরাইল : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বুধবার বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া যে কোনো নেতাকেই তারা হত্যা করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঙ্কার দেন।