Image description
 

পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় পরিচালিত এই হামলায় পাকিস্তান দাবি করেছে, তালেবানের একাধিক চেক পোস্ট, ব্রিগেড সদর দপ্তর, গোলাবারুদ ডিপো এবং লজিস্টিক ঘাঁটি ধ্বংস হয়েছে। অভিযানের পর কান্দাহারের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান টহল দিচ্ছে।

 

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, অভিযানে ১৩৩ জন তালেবান সদস্য নিহত হয়েছেন এবং ২০০-এর বেশি আহত হয়েছেন। কাবুল, পাকতিয়া ও কান্দাহারে আফগান তালেবানের ২৭টি পোস্ট ধ্বংস এবং ৯টি পোস্ট পাকিস্তান সেনাবাহিনী দখল করেছে। এছাড়া দুটি কর্পস সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর, দুটি সেক্টর সদর দপ্তর এবং ৮০টিরও বেশি ট্যাংক, আর্টিলারি গান ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

পাকিস্তান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজের বরাতে জানা গেছে, দেশটির সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত এবং যথাযথ প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা রাখে। অপারেশন ‘গাজব লিল-হক’-এর চলমান পরিস্থিতিতে হামলার ধ্বংসাত্মক পরিমাণ এবং হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।