উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে নিহত সেনাদের পরিবারের জন্য রাজধানী পিয়ংইয়ংয়ে নতুন আবাসন প্রকল্পের উদ্বোধন করেছেন। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে কন্যার সঙ্গে নতুন ফ্ল্যাট পরিদর্শন করতে দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, এই উদ্যোগের মাধ্যমে নিহত সেনাদের ‘শহীদ’ হিসেবে সম্মান জানিয়ে অভ্যন্তরীণ ঐক্য জোরদার এবং রাশিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার বার্তা দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা।
দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে হাজার হাজার সেনা পাঠিয়েছে। সিউলের ধারণা, প্রায় দুই হাজার উত্তর কোরীয় সেনা এতে নিহত হয়েছে।
বিশ্লেষকদের মতে, এর বিনিময়ে পিয়ংইয়ং মস্কোর কাছ থেকে আর্থিক সহায়তা, সামরিক প্রযুক্তি এবং খাদ্য ও জ্বালানি সরবরাহ পাচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এক সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে কিম দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি এই প্রকল্পকে মাতৃভূমির জন্য আন্তরিক আকাঙ্ক্ষা এবং পবিত্র মূল্যবোধ রক্ষায় জীবন উৎসর্গকারী বীর সন্তানদের অমরত্বের প্রতীক হিসেবে বর্ণনা করেন। তার ভাষায়, “তারা চিরকাল বেঁচে থাকবে।”
সোমবারের প্রতিবেদনে সরাসরি রাশিয়ার নাম উল্লেখ না থাকলেও, গত সপ্তাহে কিম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব নীতি ও সিদ্ধান্তকে নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার করেছেন।
প্রকাশিত ছবিতে দেখা যায়, নতুন নির্মিত বাড়িগুলো পরিদর্শনের সময় কিমের সঙ্গে ছিলেন তার কিশোরী কন্যা কিম জু আয়ে, যাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে, সাম্প্রতিক বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তার উপস্থিতি ও রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে বাড়তি গুরুত্ব পাওয়া ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত বহন করছে।