Image description

আসন্ন রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসলমানদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরির বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

শেখ একরিমা সাবরি এক সাক্ষাৎকারে আনাদোলুকে বলেছেন, “ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান। মুসলিমরা হযরত মুহম্মদ (স.)-এর আদর্শ অনুসরণ করে রমজান মাসকে স্বাগত জানায়; কিন্তু বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে দখলদার শক্তি আসন্ন রমজান মাসে আল-আকসা মসজিদে আসতে ইচ্ছুক মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবে না। তাদের এই পদক্ষেপ দুঃখজনক।”

ইসরাইলি পুলিশ ইতোমধ্যে আল-আকসা চত্বরের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে উল্লেখ করে আনাদোলু এজেন্সিকে শেখ একরিমা সাবরি বলেন, “গত কয়েক দিনে বেশ কয়েক ডজন মুসলিম তরুণকে আল-আকসায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ইসরায়েলের পুলিশসূত্রে আমরা জানতে পেরেছি যে সামনের রমজান মাসে এই বিধিনিষেধ আরও কঠোর করা হবে।”

পৃথক এক প্রতিবেদনে একই তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেৎজ। দৈনিকটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানে আল-আকসা মসজিদে মুসলমানদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। গত জানুয়ারির প্রথম সপ্তাহে মেজর জেনারেল আভশালোম পেলেড ইসরাইলি পুলিশের অবরুদ্ধ পূর্ব জেরুজালেম শাখার শীর্ষ কমান্ডারের পদে আসার পর থেকেই এ পরিকল্পনা নিয়েছিলেন সার্বভৌম এই ভূখণ্ডটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভির।

হারেৎজের প্রতিবেদেনে বেন-গিভির সম্পর্কে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তামন্ত্রীর গতিবিধি দেখে মনে হচ্ছে যে আগুন জ্বালানোর জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করছেন।”

শীর্ষনিউজ