Image description

গাজায় ৮ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির সেনাপ্রধান জেনারেল মারুলি সিমানজুন্তাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এ লক্ষ্যে এরই মধ্যে সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। সেনারা গাজায় চিকিৎসা ও প্রকৌশলগত দায়িত্ব পালন করবে। ইন্দোনেশিয়াই প্রথম দেশ, যেটি গাজায় সেনা পাঠানোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। খবর বিবিসির।

গাজায় মোতায়েনের জন্য সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলেও কবে এই সেনাদের পাঠানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার সেনা কর্মকর্তারা। এ বিষয়ে তারা প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নির্দেশনার অপেক্ষায় আছেন।

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে উপত্যকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অনির্বাচিত টেকনোক্র্যাট সরকার গঠন করা হবে। আর নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে, যার নাম হবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ)।

পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে গাজা বোর্ড অব পিসের সদস্যপদ নিয়েছে। গত ১৯ জানুয়ারি ওয়াশিংটনে এ বোর্ডের প্রথম বৈঠকও হয়েছে।

শীর্ষনিউজ