Image description

৩৬ বছর ধরে দুই ভাইয়ের অপেক্ষায় আছেন ফৌজুল হিনায়া। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ে দুই ভাইকে হারিয়েছেন তিনি। আজ ৬০ বছর বয়সী হিনায়া আর বিচার চান না। তার একমাত্র চাওয়া, দুই ভাইয়ের দেহাবশেষ খুঁজে পাওয়া এবং মুসলিম রীতি মেনে তাদের শেষ বিদায় জানানো।

১৯৯০ সালে তামিল বিদ্রোহীদের হাতে দুই ভাইকে হারানোর মধ্য দিয়ে যে শোকের শুরু, তা আজও বয়ে বেড়াচ্ছেন হিনায়ার মতো অসংখ্য মুসলিম পরিবার। তাদের স্বজনদের কেউ নিহত হয়েছেন, কেউ নিখোঁজ। অনেকের মরদেহ আজও উদ্ধার করা যায়নি। সম্প্রতি একটি গণকবরে মানুষের কঙ্কাল ও নির্যাতনের চিহ্ন পাওয়ার পর নতুন করে জেগেছে স্বজনদের আশা—হয়তো এবার জানা যাবে, তাদের প্রিয়জনদের কী হয়েছিল।

কিন্তু এই গণকবরের অনুসন্ধান কেবল নিখোঁজ মানুষদের পরিচয় শনাক্ত করার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের এমন এক অধ্যায়, যেখানে স্বাধীনতার লড়াইয়ের নামে নিরীহ মানুষের ওপর চালানো হয়েছিল হত্যাযজ্ঞ, মুসলিমদের উৎখাত করা হয়েছিল তাদের বসতভিটা থেকে, আর তামিল ও মুসলিমদের দীর্ঘদিনের সহাবস্থানে তৈরি হয়েছিল গভীর ক্ষত।

স্বাধীন মাতৃভূমির দাবিতে লড়াই করা তামিল বিদ্রোহী ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে ১৯৮৩ সালে যুদ্ধ শুরু হয়। ২০০৯ সালে তামিল যোদ্ধাদের পরাজয়ের মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে নিহত হন হাজার হাজার মানুষ, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। দেশটির তামিল জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর বিরুদ্ধে রয়েছে।

অন্যদিকে, সরকার ও দেশের সিংহলি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অনেকেই শ্রীলঙ্কার বিভিন্ন শহর ও গ্রামে তামিল ইলমের লিবারেশন টাইগার্সের (এলটিটিই) বোমা হামলা ও হত্যাকাণ্ডের কথা তুলে ধরেছেন। ১৯৯৩ সালে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসাকে হত্যা করে এলটিটিই। এর আগে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করে তারা। তামিল বিদ্রোহীদের দমনে এর আগে ভারতীয় সেনা পাঠিয়েছিলেন রাজীব গান্ধী।

তবে ১৯৯০-এর দশকের শুরুতে শ্রীলঙ্কার মুসলিমদের ওপরও গণহত্যা চালায় এলটিটিই। পূর্বাঞ্চলের কুরুক্কালমাদাম, কাট্টানকুডি ও এরাভুর শহরে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই হামলা শুরু হয়। অনেক ক্ষেত্রে অপহৃত মুসলিমরা আর কখনো ফিরে আসেননি। শত শত মানুষের মরদেহ আজও উদ্ধার করা যায়নি।

গত মাসে আদালত-নিযুক্ত একটি প্রত্নতাত্ত্বিক দল কুরুক্কালমাদামের গণকবরে কাটা দাগযুক্ত কঙ্কালের অবশেষ খুঁজে পেয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করা আইনজীবী মুয়াজ্জাম মুবারক।

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জ্যাকি ফৌজ বললেন, ‘এখন অগ্রাধিকার হলো, অবশেষগুলো কার, তা শনাক্ত করা; কী ঘটেছিল, তা নির্ধারণ করা এবং পরিবারগুলোকে নিয়মিত তথ্য জানানো।’ফাউজুল হিনায়া তার ভাই ফাউজুল আমিরের মৃত্যুসনদটি ধরে আছেনযারা একটি ফোনকলের অপেক্ষায় আছেন, তাদের একজন হিনায়া।

শেষ যাত্রা

হিনায়া ছিলেন ছয় ভাইবোনের একজন। তার ছোট দুই ভাই ফৌজুল আমির ও আবদুর রউফ বাবাকে সংসার চালাতে সাহায্য করতেন। তাদের বাবা হায়াথ মোহাম্মদের কাঠ কাটার কাজের আয় নিয়মিত ছিল না।

আমির তৈরি পোশাক বিক্রি করতে তাদের বাড়ি থেকে ৫৮ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আক্কারাইপাট্টুতে যেতেন। ১৯৯০ সালের জুলাইয়ের এক সকালে সেই সফরের জন্য ব্যাগ গোছান আমির। হিনায়া আল জাজিরাকে বললেন, ‘আমি কখনো ভাবিনি, সেটিই হবে তার শেষ যাত্রা।’

কাট্টানকুডিতে ফেরার পথে কুরুক্কালমাদামের কাছে আমিরকে থামায় এলটিটিই। আমিরসহ কয়েক ডজন মানুষকে গুলি করে হত্যা করা হয়। নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে— কেউ বলেন ৬০, কেউ বলেন প্রায় ১৫০।

শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য এই গণহত্যা ছিল এক মোড় ঘোরানো ঘটনা। দেশটির মোট জনসংখ্যার ৭৫ শতাংশ সিংহলি, ১৫ শতাংশ তামিল এবং ১০ শতাংশ মুসলিম। কুরুক্কালমাদামের গণহত্যার আগে এলটিটিই প্রায়ই মুক্তিপণের জন্য মুসলিমদের অপহরণ করত। সেই অর্থ তারা নিজেদের লড়াইয়ে ব্যবহার করত। একসময় শ্রীলঙ্কার প্রায় এক-চতুর্থাংশ এলাকা নিয়ন্ত্রণ করত এলটিটিই।

কিন্তু এবার তামিল বিদ্রোহীদের লক্ষ্য আর মুসলিমদের অর্থ ছিল না। তারা চাইছিল রক্ত।

এর এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলের কাট্টানকুডি ও এরাভুর শহরের দুটি মসজিদে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই। আমির নিহত হওয়ার সময় হিনায়ার আরেক ভাই আবদুর রউফ দেশের উত্তরাঞ্চলে একটি দোকানে কাজ করছিলেন।

শোকাহত পরিবারের সঙ্গে যোগ দিতে তিনি বাড়ি ফিরে আসেন। কয়েক দিন পর পাশের শহর বাত্তিকালোয়া থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ঠেলাগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন তিনি।

কিন্তু এলটিটিই তাকে অপহরণ করে। এরপর আর কখনো তার খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হয়, তিনি নিহত হয়েছেন।

২০১৬ সালে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের পরিণতি অনুসন্ধানের জন্য শ্রীলঙ্কা একটি স্বাধীন দপ্তর গঠন করে— নিখোঁজ ব্যক্তিবিষয়ক দপ্তর। গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রিয়জন নিখোঁজ হওয়া সব জাতিগোষ্ঠীর শত শত মানুষের মতো হিনায়াও সেখানে অভিযোগ করেন।

তিনি ভাবছিলেন, যেসব গণকবর খোঁজা হচ্ছে, সেগুলো থেকে কি কোনো সূত্র পাওয়া যাবে? এরপর কী হবে?

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ফৌজ আলজাজিরাকে বললেন, ‘যেখানে প্রমাণের ভিত্তিতে ফৌজদারি অভিযোগ আনা যায়, সেখানে কর্তৃপক্ষের উচিত সেই অভিযোগের বিচার এগিয়ে নেওয়া।’

তবে গণহত্যার মধ্য দিয়ে এলটিটিই শুধু মানুষের জীবনই কেড়ে নেয়নি—শ্রীলঙ্কার তামিল ও মুসলিমদের মধ্যে যত্নে টিকিয়ে রাখা সম্পর্কেও ফাটল ধরিয়েছিল।

ব্যাপক উচ্ছেদ

১৯৮৭ সালে শ্রীলঙ্কা ভারতের সঙ্গে একটি চুক্তি করার পর দেশটিতে ভারতীয় সেনাদের একটি দল মোতায়েন করা হয়। কলম্বো ও এলটিটিইর মধ্যে হওয়া শান্তিচুক্তি বাস্তবায়নে সহায়তার জন্য আনুষ্ঠানিকভাবে তাদের শান্তিরক্ষী হিসেবে পাঠানো হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই উভয় পক্ষের অবিশ্বাসের লক্ষ্য হয়ে ওঠে তারা।

শ্রীলঙ্কায় অবস্থানকালে উত্তরাঞ্চলীয় প্রদেশের মুল্লাইতিভুর কয়েকটি তামিল ও মুসলিম গ্রামের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়, যাতে ভারতীয় সেনারা সেখানে শিবির স্থাপন করতে পারে।

এখন ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি বললেন, ‘এটাই ছিল আমাদের প্রথম বাস্তুচ্যুতি।’ পরিবারসহ তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। তবে ১৯৯০ সালের শুরুর দিকে ভারতীয় সেনারা শ্রীলঙ্কা ছেড়ে চলে যায়। রিজনি ও অন্যরা নিজেদের গ্রামে ফিরে আসেন। তিনি আলজাজিরাকে বলেছেন, ‘তামিল ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি ছিল। আমরা ছিলাম এক পরিবারের মতো। আমরা নিজেদের গ্রামে ফিরে এসেছিলাম।’

১৯৯০ সালের অক্টোবরে পরিস্থিতি বদলে যায়। রিজনি বললেন, ‘এলটিটিই উত্তরাঞ্চলীয় প্রদেশের গ্রামগুলোতে সব মুসলিমকে একত্র করে জানিয়ে দেয়, দুই দিনের মধ্যে প্রদেশ ছেড়ে যেতে হবে।’

রিজনি হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, ‘আমরা কখনো তামিলদের জন্য হুমকি ছিলাম না। উত্তরাঞ্চলীয় প্রদেশের জনসংখ্যার মাত্র ৫ শতাংশ ছিলাম আমরা, আর তামিলরা ছিল ৯০ শতাংশের বেশি।’২০২৪ সালের ১৭ মে আয়োজিত একটি স্মরণানুষ্ঠানে, মৃত পরিবারের সদস্যদের জন্য কাঁদতে থাকা এক নারী১৯৯০ সালের অক্টোবরে উত্তরাঞ্চলীয় প্রদেশের পুরো মুসলিম জনগোষ্ঠীকে জোর করে উচ্ছেদ করে এলটিটিই। তাদের সংখ্যা ছিল আনুমানিক ৭৫ হাজার থেকে এক লাখ। কাপড়চোপড় ছাড়া আর কিছু সঙ্গে নিতে দেওয়া হয়নি। শরণার্থী হিসেবে তারা দেশের অন্য অঞ্চলে চলে যান। কয়েক দশক পরও রিজনি মনে রেখেছেন, এলটিটিইর কারণে তাদের পরিবার কী হারিয়েছিল: বিদ্রোহীরা নিয়ে গিয়েছিল ৯৯টি মহিষ, ৪২টি গরু, চার একরের একটি নারকেলবাগান, আট একরের একটি ধানখেত, একটি বাড়ি ও একটি মুদি দোকান।

ন্যায়বিচারের চেষ্টা

ফৌজ বলেন, মুসলিমদের ওপর এলটিটিইর হামলা দেখিয়ে দেয়, তামিল মাতৃভূমি প্রতিষ্ঠার ধারণাটি কতটা বর্জনমূলক ছিল।

তার ভাষ্য, ‘এই আন্দোলন উত্তর ও পূর্বাঞ্চলকে তামিল মাতৃভূমি বলে দাবি করত। অথচ এসব প্রদেশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা মুসলিম সম্প্রদায়েরও নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল, ভূমি ও নিজেদের অবস্থান নিয়ে তাদেরও দাবি ছিল।’

ফৌজ বলেন, সিংহলি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করলেও মুসলিমদের সঙ্গে আচরণের ক্ষেত্রে এলটিটিই ‘সেই একই বর্জনমূলক যুক্তি’ প্রয়োগ করেছে।

২০০৯ সালে শ্রীলঙ্কা এলটিটিইকে পরাজিত করে তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধের শেষ পর্যায়ে উত্তরাঞ্চলীয় প্রদেশে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হন।

যুদ্ধের পর অনেক মুসলিম শরণার্থী উত্তরাঞ্চলের নিজেদের গ্রামে ফিরে যান।

তবে শিক্ষাবিদ ফৌজ ও দুই দফা বাস্তুচ্যুতির শিকার রিজনির মতে, শ্রীলঙ্কায় এখনো পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম চালানো হয়নি।

ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের সংসদ সদস্য রিয়াস ফারুক ১৯৯০ সালে মুসলিমদের হত্যা ও জোর করে উচ্ছেদ করাকে মানবতাবিরোধী গুরুতর অপরাধ বলে বর্ণনা করেন।

ফারুক বললেন, ‘কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবি নিরীহ মানুষকে হত্যা কিংবা পরিবারগুলোকে বাড়িঘর ছাড়তে বাধ্য করার ন্যায্যতা দিতে পারে না।’

তিনি জানালেন, কুরুক্কালমাদামের গণকবর থেকে পাওয়া তথ্য যাচাই, নিহতদের শনাক্ত এবং ঘটনার সত্যতা প্রতিষ্ঠায় কর্তৃপক্ষ যথাযথ ও স্বাধীন তদন্ত চালাবে বলে তিনি আশা করেন।

ফারুকের কথা, ‘উত্তরাঞ্চলের যেসব মুসলিম পরিবারকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল, তাদের দুর্ভোগ আমরা পুরোপুরি বুঝি। তাদের শুধু ফিরে যেতে সহায়তা করাই আমাদের দায়িত্ব নয়; মর্যাদার সঙ্গে নতুন করে জীবন গড়ে তোলার সুযোগ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।’

শেষ পর্যন্ত রিজনি আশা করেন, একসময় মুসলিম ও তামিলদের সম্পর্কে যে সম্প্রীতি ছিল, তা আবার ফিরে আসবে। তিনি বললেন, ‘তামিল ও মুসলিমদের মধ্যে সব সময়ই ভালো সম্পর্ক থাকবে। মুসলিমরা উচ্ছেদের ঘটনা ভুলবে না।’

তবে এলটিটিই মুসলিমদের সঙ্গে যা করেছে, তার জন্য ‘আমরা তামিলদের দোষ দেব না’, বলছিলেন তিনি।

ফৌজের মতে, কুরুক্কালমাদামের গণকবর খনন সেই ক্ষত থেকে বেরিয়ে আসার একটি পথ খুলে দিতে পারে। তিনি বললেন, ‘কুরুক্কালমাদামে কর্তৃপক্ষ কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে শ্রীলঙ্কার মুসলিমরা শেষ পর্যন্ত তাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত উত্তর পাবে কি না।’

সূত্র: আলজাজিরা