Image description

রহমান গুল হলেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন। তিনি চলতি বছরের ১৪ নভেম্বর পাকিস্তানের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র নতুন প্রধান বা কমান্ডার-ইন-চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন। ‘ওস্তাদ মুরিদ’ নামেও তিনি পরিচিত। গুলের অতীত জীবন বেশ ভিন্নধর্মী। তিনি পাকিস্তান সামরিক বাহিনীতে আট বছর দায়িত্ব পালন করেছেন। এরপর দায়িত্ব ছেড়ে যোগ দিয়েছেন বেলুচ বিদ্রোহে।

জেমসটাউন ফাউন্ডেশনের প্রতিবেদন থেকে জানা যায়, তিনি ওয়াজিরিস্তান এবং লাইন অব কন্ট্রোল উভয় অঞ্চলেই দায়িত্ব পালন করেছেন এবং যুদ্ধ করেছেন। বিএলএ-এর সামগ্রিক দায়িত্ব গ্রহণের আগে গুল সংগঠনটির আত্মঘাতী হামলা ইউনিট ‘মজিদ ব্রিগেড’-এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাকিস্তান ও চীন—উভয় দেশই বেলুচ বিদ্রোহ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। উভয়ই দেশই তাদের এসব কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ হিসেবেই বিবেচনা করে। এখন এ বিদ্রোহের নতুন কমান্ডার গুল সম্ভবত এমন এক ধরনের নেতৃত্ব ও সামরিক কৌশল প্রয়োগ করবেন, যা পাকিস্তান ও চীন—উভয়ের জন্যই বিপজ্জনক হয়ে উঠবে।

 
 
 

সামরিক কৌশলের বিষয়ে গুলের নতুন কিছু নিজস্ব ধারণা রয়েছে। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বিএলএ ‘অপারেশন হেরোফ ২’ নামে একটি বড় ধরনের হামলা পরিচালনা করে। ছয় দিনের এ অভিযানে বিএলএ-র সদস্যদের মধ্যে ব্যাপক প্রাণহানি ঘটে এবং তারা ক্ষয়ক্ষতির শিকার হয়।

 
 

‘অপারেশন হেরোফ ২’-এর ফলাফলই প্রভাবিত করেছে তাকে প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার, এমনটিই ভাবা হচ্ছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট স্টাডিজ অ্যান্ড সিকিউরিটি (পিআইসিএসএস)-এর মূল্যায়ন অনুযায়ী, ‘অপারেশন হেরোফ ২’-এর কৌশলগত নীতি এবং তার ফলে যে অত্যন্ত মর্মান্তিক মূল্য দিতে হয়েছিল, মূলত এসব কারণেই বিএলএ-র আগের নেতা বশির জেইবকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিএলএ-এর অভ্যন্তরীণ সূত্রের বরাতে দেওয়া পিআইসিএসএস-এর একটি তথ্য বলছে, গুল বড় ও শক্তিশালী ইউনিটের চেয়ে অপেক্ষাকৃত ছোট ও ভ্রাম্যমাণ দলকে বেশি সমর্থন করেন। গুল মনে করেন, বড় ইউনিটগুলো সংশ্লিষ্ট দেশের সামরিক বাহিনীর সহজেই মনোযোগ আকর্ষণ করে এবং এর ফলে বিএলএ-এর ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেড়ে যায়।

গুলের নেতৃত্বে বিদ্রোহীরা সম্ভবত কমান্ডের শৃঙ্খলা ও কৌশলগত ধৈর্য বজায় রাখবে। ধারণা করা যায় যে, গুল প্রশিক্ষিত বিদ্রোহীদের একটি মূল অংশকে টিকিয়ে রাখার ওপর মনোযোগ দেবেন। ব্রাহুই ভাষার কবি হিসেবেও পরিচিত গুল সাবেক কমান্ডার বশির জেইবের তুলনায় অনেক বেশি বালুচ তরুণকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। বলা যায়, সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলা থাকলে বিএলএ আরও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রাখে।

অনুমান করা যায় যে, গুলের নেতৃত্বাধীন বিএলএ-এর পক্ষে বড় ধরনের হামলা চালানোর সম্ভাবনা কম। মনে রাখতে হবে, পাকিস্তানি সেনাবাহিনীতে গুলের অভিজ্ঞতা রয়েছে। অন্যান্য শীর্ষ কমান্ডারদের সামরিক কৌশল বিষয়ক জ্ঞান সম্পর্কেও তিনি অবহিত। একই সঙ্গে আত্মঘাতী হামলার ওপর বিএলএ-র বিশেষ গুরুত্বও যেহেতু বেশি, তাই তাদের ছোট ও অত্যন্ত দ্রুতগামী ইউনিটগুলোর হামলা সহজে মোকাবিলাও সম্ভব নয়। তথাপি ছোট ছোট হামলা করা ইউনিটগুলোকে পরাস্ত করা আরও কঠিন। কেননা বিএলএ ছোট আকারের অভিযানে কোনো কমান্ডারকে হারালে দ্রুত তার জায়গায় অন্য কাউকে নিয়োগ দিতে পারে।

গুলের নেতৃত্ব নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে চলতি বছরে হামলা ও সহিংসতা বৃদ্ধির কারণে। কারণ চলতি বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের মধ্যবর্তী সময়ে বেলুচিস্তানে সহিংসতাজনিত মৃত্যুর সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে গেছে। তৃতীয় প্রান্তিকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৯-এ। ‘হিরোফ ২’ দ্রুত তার গতি হারিয়ে ফেলেছিল, কিন্তু বিএলএ-এর বর্তমান কৌশলটি অনেক বেশি সুসংগঠিত ও দৃঢ়, যা তাদের দীর্ঘ সময় ধরে আক্রমণ চালিয়ে যাওয়ার সক্ষমতার সাক্ষ্য বহন করে।

স্বাভাবিকভাবেই চীনের উদ্বেগও বাড়বে। ধারণা করা হচ্ছে যে, সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ-এর চীনা নাগরিকদের প্রধান লক্ষ্যবস্তু বানানোর ঘটনা বেড়ে যাওয়ার পেছনে মূল পরিকল্পনাকারী ছিলেন গুল। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসী হামলায় অন্তত ২০ জন চীনা নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে বেইজিংয়ের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কর্মীরাও রয়েছেন।

২০২২ সালে করাচি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কাজ করতেন এমন তিনজন চীনা নাগরিক বোমা বিস্ফোরণে নিহত হন। পরের বছর আরেকটি হামলায় বিএলএ সন্ত্রাসীরা করাচির কাছে একটি মহাসড়ক প্রকল্পে কর্মরত কয়েকজন চীনা প্রকৌশলীকে হত্যা করে। পিআইসিএসএস-এর তথ্য অনুযায়ী, ধারণা করা হয়, এ দুটি হামলারই পরিকল্পনা করেছিলেন গুল।

পিআইসিএসএস আরও উল্লেখ করেছে যে, রহমান গুলের প্রকাশ্য বার্তাগুলোতে দীর্ঘদিন ধরেই চীনকে বিএলএ-এর কৌশলগত লক্ষ্যবস্তুর কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। সুতরাং, গুলের নেতৃত্বে আগামী বছরগুলোতেও বিএলএ সম্ভবত চীনা কর্মী ও প্রকল্পগুলোর ওপর এ ধরনের আরও হামলা চালানোর দিকে মনোযোগ দেবে।

এসব কারণে চীন সরকার পাকিস্তানের প্রতি বেশ নাখোশ। তারা বিএলএ-এর হামলা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ইসলামাবাদকে স্বভাবতই চাপ দিচ্ছে। ২০২২ সালে করাচি বিমানবন্দরে সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কয়েকজন চীনা নাগরিক নিহত হয়। সে ঘটনার পর চীন পাকিস্তানের কাছে তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাপ দেয়। এ প্রেক্ষিতে ২০২৬ সালের শুরুর দিকে পাকিস্তানে সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোতে কর্মরত চীনা কর্মীদের নিরাপত্তা আরও জোরদার করে। এ লক্ষ্যে পাকিস্তান চীনা নাগরিকদের জন্য আলাদা একটি নতুন সুরক্ষা ইউনিটও গঠন করে।

এর আগে ২০২৫ সালে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ-বিরোধী আলোচনার সময় পাকিস্তান ওয়াশিংটনকে রাজি করায় যেন তাদের যৌথ বিবৃতিতে বিএলএ-এর নাম অন্তর্ভুক্ত করা হয়। যুক্তরাষ্ট্র বিএলএ এবং মজিদ ব্রিগেড উভয়কেই ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে। বলা বাহুল্য, এটা ছিল পাকিস্তানের দীর্ঘদিনের একটি দাবি।

এটা অনুমান করা কঠিন নয় যে, গুলের নেতৃত্ব এবং বিএলএ-র কার্যক্রম অব্যাহত রাখতে অর্থের যোগান একটি গুরুত্বপূর্ণ শক্তি। এ লক্ষ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ (FTO) হিসেবে তালিকাভুক্তির ফলে বিভিন্ন সংস্থার পারস্পরিক সহযোগিতায় সন্ত্রাসবাদের এই অর্থের উৎস খুঁজে বের করা এবং তা জব্দ করার সুযোগ তৈরি হয়েছে। সাইবার জগৎ ও গণমাধ্যম ব্যবস্থাপনার একটি যৌথ প্রচেষ্টাও গ্রহণ করা হয় যাতে করে বিএলএ-র হামলার প্রভাব কমাতে এবং নতুন সদস্য সংগ্রহকে বাধাগ্রস্থ করা যায়। ইসলামাবাদের সঙ্গে গোপন গোয়েন্দা তথ্য আদান-প্রদানের মাধ্যমে গুল এবং বিএলএ-র অন্যান্য নেতাদের ওপর নজরদারি ও গ্রেপ্তার আরও জোরদার করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের এ সহায়তা পাকিস্তানকে তার জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর গোয়েন্দা তথ্য পেতে সাহায্য করতে পারে, বিশেষ করে যদি গুলকে 'বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী' (এসডিজিট) হিসেবে তালিকাভুক্ত করা হয়।

বেলুচিস্তানে বিএলএ-র হুমকি মোকাবিলায় পাকিস্তান এখন চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশের দিকেই তাকিয়ে আছে। বেলুচিস্তানে যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব বিনিয়োগ (যথাক্রমে রেকো দিক ও সাইনদাক স্বর্ণখনি) দেশ দুটিকে এ সহযোগিতায় এগিয়ে আসার পেছনে বড় কারণ হতে পারে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC)-এর মাধ্যমে পাকিস্তানে চীনের বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্র বেশি উদ্বিগ্ন ছিল এবং সিপেকবিরোধী বেলুচ জাতীয়তাবাদীদের সমর্থন দেওয়ার পেছনে তাদের যৌক্তিক কারণও ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। এখন বিএলএ-নামক সবার জন্য অভিন্ন এ হুমকি নির্মূল করতে পাকিস্তান চীন এবং যুক্তরাষ্ট্র দুদেশের কাছ থেকেই সন্ত্রাসবিরোধী সহায়তা চাইতে পারে।

এ কথা বলা যায় যে, বেলুচ জনগণের অধিকার ও প্রতিনিধিত্ব সংক্রান্ত উদ্বেগগুলো নিরসন করতে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া আবশ্যক। এ প্রক্রিয়াই সহায়ক হতে পারে তাদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত করতে। একই সঙ্গে চলমান বিদ্রোহের স্থায়ী সমাধান করতে। তবে এটা ধারণা করা কঠিন নয় যে, বেলুচিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান এ যুদ্ধ দীর্ঘকাল ধরেই চলবে।

লেখক: ইসলামাবাদ-এর ‘সেন্টার ফর কাউন্টারিং টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম স্টাডিজ’-র সিনিয়র রিসার্চ ফেলো ও পরিচালক

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ থেকে অনূদিত।