Image description

টানা দুই বছর বিমান হামলা চালানোর পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার থেকে গাজার মধ্যাঞ্চলে এ অভিযান শুরু হয়েছে। অঞ্চলটির নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলবিরোধী সশস্ত্র গোষ্ঠী হামাস।

বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরায়েলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেন।

পরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আইডিএফ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট যৌথভাবে মধ্য গাজায় স্থল অভিযান শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানের লক্ষ্য গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে অবস্থিত একটি সুড়ঙ্গপথ ধ্বংস করা। হামাসের তৈরি ওই সুড়ঙ্গ ইসরায়েলি বাহিনীর জন্য সরাসরি ও বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল বলে দাবি করেছে আইডিএফ।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ নির্ধারণ করে ইসরায়েল।

এই রেখা গাজার ইসরায়েলি ও হামাস-নিয়ন্ত্রিত এলাকাগুলোকে আলাদা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে ফিলিস্তিনি ভূখণ্ডের ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক গোলাবর্ষণ চলছে। মধ্য গাজায় ইসরায়েলি সামরিক যানও দেখা গেছে।

দুপুর থেকে সেখানে গোলাগুলি ও বিমান হামলা অব্যাহত রয়েছে।

এলাকাটির বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাঁরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। তাঁদের অনেকেই এর আগেও একাধিকবার বাস্তুচ্যুতির শিকার হয়েছেন।

এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বুধবার ইসরায়েলি ড্রোনের তিনটি পৃথক হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বিভাগটির তথ্য অনুযায়ী, নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে একজন, গাজা শহরে একজন এবং মধ্য গাজার দেইর আল-বালাহ পুলিশ স্টেশনের বাইরে একজন নিহত হয়েছেন। তবে এসব হামলার সঙ্গে স্থল অভিযানের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এএফপিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম দুটি হামলায় তারা ‘সন্ত্রাসীদের’ লক্ষ্যবস্তু করেছিল। তবে তৃতীয় হামলার বিষয়ে তাদের কোনো তথ্য জানা নেই।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর যুদ্ধ শুরু হয়। এরপর থেকে গাজার ২১ লাখ বাসিন্দার অধিকাংশই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন।

আল-বুরেইজ শরণার্থী শিবিরের বাসিন্দা উম আহমাদ আল-তারতুরি এএফপিকে বলেন, গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বিশেষ করে তাঁদের বসবাসের স্থানটি ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের এলাকাগুলোর খুব কাছে হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

একই শরণার্থী শিবিরের ২৭ বছর বয়সী বাসিন্দা মাহমুদ আল-সাফিন বলেন, তাঁদের আশঙ্কা, এটি আরও বড় কোনো সামরিক অভিযানের সূচনা হতে পারে। এর ফলে নতুন করে বাস্তুচ্যুতির ঘটনা ঘটতে পারে। আগের যুদ্ধ ও বাস্তুচ্যুতির ধকল কাটিয়ে তাঁরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

ইসরায়েলে নির্বাচনের ফলাফল অস্পষ্ট থাকার মধ্যেই ইসরায়েলের এই বিরল স্থল অভিযান শুরু হলো। বিরোধী দলের নেতা গাদি আইজেনকোট এমন পরিস্থিতিতে সরকার গঠনের চেষ্টা করছেন, যেখানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেই।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানের নির্দেশনা ও সমর্থনে নেতানিয়াহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বুধবার সন্ধ্যায় ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, মধ্য গাজায় স্থল অভিযান এখনো অব্যাহত রয়েছে।

শীর্ষনিউজ