ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী চাপে পড়েছে বলে স্বীকার করেছেন ভারপ্রাপ্ত মার্কিন নৌমন্ত্রী হুং কাও। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এক শুনানিতে অংশ নিয়ে একথা স্বীকার করেন তিনি।
একইসঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধজাহাজ মোতায়েন, অস্ত্রের মজুত কমে যাওয়া এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়েও মার্কিন সিনেটে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন হুং কাও। এমনকি ইরান যুদ্ধের ধকল সামলাতে গিয়ে মার্কিন নৌবাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির এই শুনানিতে ভারপ্রাপ্ত মার্কিন নৌমন্ত্রী হুং কাওকে ইরান যুদ্ধ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। দীর্ঘ সময় ধরে যুদ্ধজাহাজ মোতায়েন থাকা, অস্ত্রের মজুত কমে যাওয়া এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সামরিক সম্পদ সরিয়ে নেয়ার বিষয়গুলো নিয়ে দ্বিদলীয় সিনেটররা তার জবাবদিহি চান।
সংবাদমাধ্যম বলছে, সামরিক বাহিনীর এই শাখার স্থায়ী প্রধান হিসেবে নিয়োগের অনুমোদন পেতে মঙ্গলবার সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সামনে শুনানিতে অংশ নেন কাও। এ সময় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে নৌবাহিনীর সদস্য ও সামরিক সরঞ্জামের ওপর ক্রমবর্ধমান চাপ নিয়ে তাকে কঠোর প্রশ্নের মুখে পড়তে হয়। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধটি এখন নবম মাসে গড়িয়েছে।
শুনানিতে কাও বলেন, ‘এই যুদ্ধ আমাদের নৌবাহিনীর ওপর চাপ তৈরি করছে, তা আমি জানি’। তবে তার দাবি, যৌথ সামরিক অভিযানের কারণে চীন ‘বেশ ভালোভাবেই পিছিয়ে পড়েছে’।
অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন কাও একসময় ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে রিপাবলিকান পার্টির হয়ে সিনেট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এর আগে তিনি নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত নৌমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে এবার নৌবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে স্থায়ী নিয়োগের জন্য সিনেটের অনুমোদন চাইছেন তিনি।
আল জাজিরা বলছে, এ শুনানি এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ক্রমেই চাপ বাড়ছে। সম্প্রতি যুদ্ধ পরিচালনায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়ে অসন্তোষের জেরে তাকে অভিশংসনের একটি প্রস্তাবও মার্কিন প্রতিনিধি পরিষদে তোলা হয়েছিল। তবে সেই উদ্যোগ ব্যর্থ হয়।
ইরানের সঙ্গে এই যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়। এর ফলে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারায় রিপাবলিকানরা।
ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা ১২০তম কংগ্রেসের সদস্যদের ২০২৭ সালের ৩ জানুয়ারি শপথ নেয়ার কথা রয়েছে।
সিনেটে উত্তপ্ত বাক্যবিনিময়
মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য ও রোড আইল্যান্ডের সিনেটর জ্যাক রিড প্রায় দুই ঘণ্টার শুনানিতে কাওকে প্রশ্ন করেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে কাওয়ের এখন পর্যন্ত নেতৃত্বের রেকর্ড নিয়ে তিনি খোলাখুলিভাবেই উদ্বিগ্ন। রিড বলেন, ‘সত্যি বলতে, ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আপনার নেতৃত্বের রেকর্ড নিয়ে আমি উদ্বিগ্ন।’
গত এক বছরে হেগসেথের চাওয়া অনুযায়ী নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়েও কাওয়ের বক্তব্য জানতে চান রিড। ভবিষ্যতে সামরিক কর্মকর্তাদের পেশাগত জীবনে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন কি না, সে প্রশ্নও তোলেন এই সিনেটর।
এরপর ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ইউএসএস সাউথ ডাকোটা নামের পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিনের পুরো নেতৃত্বকে দায়িত্ব থেকে সরানোর ঘটনায় কংগ্রেসকে যথাযথভাবে অবহিত না করার জন্য নৌবাহিনীর সমালোচনা করেন। গত অক্টোবরে সমুদ্রতলের সঙ্গে সংঘর্ষের পর সাবমেরিনটির কমান্ডার, নির্বাহী কর্মকর্তা এবং কমান্ড মাস্টার চিফ—তিনজনকেই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। তবে বিষয়টি কংগ্রেসকে নিয়মমাফিক জানানো হয়নি।
কাও বলেন, ‘অবহেলা থেকে শুরু করে সহকর্মীদের সঙ্গে অনুচিত সম্পর্ক কিংবা হয়রানির মতো বিভিন্ন কারণে আমরা কমান্ডিং কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিই।’ কমান্ডারদের দায়িত্ব থেকে সরানোর ঘটনা প্রকাশ্যে জানানোর নৌবাহিনীর প্রচলিত নীতির বিরোধিতা করে তিনি বলেন, ‘এরপরও তাদের জীবিকা ও পেশাগত ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই।’
তবে ব্যক্তিগত গোপনীয়তার যুক্তি দেখিয়ে কংগ্রেসের নজরদারি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে পাল্টা জবাব দেন রিড।
জবাবে কাও বলেন, ‘ইউএসএস সাউথ ডাকোটার স্কোয়াড্রন কমোডর মনে করেছেন, তারা সম্মান, সাহস ও অঙ্গীকারের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে পারেননি। সে কারণে তিনি কমান্ডিং কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা এবং কমান্ড মাস্টার চিফকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।’
নৌবাহিনীর বেসামরিক প্রধান হিসেবে মনোনয়ন পাওয়া কাওকে জাহাজের নাবিকদের মনোবল কমে যাওয়া, সরঞ্জাম ও রসদের তীব্র সংকট এবং মানসিক চাপ নিয়েও কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। বিশেষ করে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ চীন সাগর, ভারত মহাসাগর ও উত্তর আরব সাগরে টানা ২৬৫ দিন মোতায়েন থাকার পর ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন আইনপ্রণেতারা। এত দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার ঘটনা মার্কিন নৌবাহিনীর ইতিহাসে রেকর্ড।
ইউএসএস জর্জ ওয়াশিংটন জাহাজটি দায়িত্ব বুঝে নেয়ার পর গত অক্টোবরের শুরুতে ইউএসএস আব্রাহাম লিংকন ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে নেভাল এয়ার স্টেশন নর্থ আইল্যান্ডে ফিরে আসে।
ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং সদ্য পৌঁছানো ইউএসএস থিওডোর রুজভেল্টের সঙ্গে যুক্তরাষ্ট্র আপাতত তিনটি বিমানবাহী রণতরির স্ট্রাইক গ্রুপ এক জায়গায় জড়ো করেছে। আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং ইরানের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা নৌ অবরোধ আরও কঠোর করাই এর লক্ষ্য।
গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা ‘খুবই কম’। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর তিনি যুদ্ধের সামরিক অভিযান ‘কার্যত শেষ’ বলেও মন্তব্য করেন। তবে পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন সামরিক বাহিনী ‘যেকোনো পদক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত’ রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবারের শুনানিতে কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন, কাও ‘নাবিক ও তাদের পরিবারের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন’। তিনি আরও বলেন, নাবিকদের সঙ্গে কাওয়ের বিরোধপূর্ণ আচরণ থেকে তার কাছে স্পষ্ট হয়েছে, ‘আপনি তাদের নিয়ে আদৌ চিন্তিত নন’।
জবাবে কাও বলেন, সমুদ্রে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো কত দিন মোতায়েন থাকবে, সেই সিদ্ধান্ত তার হাতে নেই। এসব জাহাজের সমুদ্রে থাকার সময় ক্রমেই প্রায় এক বছরে পৌঁছাচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের কথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ সময় সাধারণত ছয় থেকে আট মাসের জন্য জাহাজ মোতায়েন করা হতো।
কাও বলেন, ‘আমাদের কর্মীদের পেছনে ধারাবাহিক বিনিয়োগ করলে সামরিক প্রস্তুতি বাড়বে, কর্মীদের ধরে রাখা ও নতুন নিয়োগ সহজ হবে এবং জাতীয় লক্ষ্য পূরণে আমাদের সক্ষমতা আরও বাড়বে।’
জাহাজে আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ব্লুমেনথালকে কাও বলেন, ‘আপনি যেগুলোকে আটটি আত্মহত্যার চেষ্টা হিসেবে দেখছেন, আমি সেগুলোকে আত্মহত্যা প্রতিরোধে আটটি পদক্ষেপ হিসেবে দেখছি।’