ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা ও ইসলামী চিন্তাবিদ গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে টাইমস অব ইরান। বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে তাকে আহলে বাইতের (মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পরিবার) একজন বিশিষ্ট ফকিহ, শীর্ষস্থানীয় শিয়া ধর্মীয় কর্তৃপক্ষ, নিবেদিতপ্রাণ আলেম এবং ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানের খ্যাতিমান শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়।
১৯২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি। জীবনের দীর্ঘ সময় তিনি ইসলামী জ্ঞান, গবেষণা ও শিক্ষাদানে ব্যয় করেছেন। তার দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য বিশিষ্ট ধর্মীয় আলেম ও পণ্ডিত গড়ে উঠেছেন। ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
সম্প্রতি অসুস্থ হয়ে তেহরানের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই প্রবীণ ধর্মীয় নেতা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির প্রতিনিধিরা তাকে দেখতে যান।