একদল বাইকার, যারা নিজেদের পরিচয় দেন ‘গোসল না করা’ গ্রুপের সদস্য হিসেবে। এই গ্রুপের সদস্য রয়েছেন কয়েক হাজার বাইকারসহ অন্যান্য ব্যক্তিরা। শীত এলে তারা বাইক নিয়ে পাহাড়ে যান ভ্রমণে। তবে এক সঙ্গে কয়েক হাজার মানুষের এই ভ্রমণ কখনো কখনো ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাদের নিজেদের জন্য। অন্য অনেকেই এর ভুক্তভোগী হয়।
থ্যাইল্যান্ডের ‘নাম মাই আপ’ (Nam Mai Arb) নামের এই দলটি নানা কারণে বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছে। Nam Mai Arb-এর অর্থ হলো, ‘গোসল করি না’।
দ্য ন্যাশনাল থাইল্যান্ড পত্রিকায় ২০২৪ সালের ২৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। সে সময় দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ৭ হাজার সদস্য মোটরসাইকেল নিয়ে ফেচাবুনের খাও খো ও ফু থাপ বুয়েক পাহাড়চূড়ায় যাচ্ছেন।
দলটির সদস্যরা মোটরসাইকেল পরিবর্তন বা সাজসজ্জা করতে পছন্দ করেন। পাশাপাশি ফেচাবুনের এই দুই পাহাড়ের শীতল আবহাওয়াও তাদের আকর্ষণ করে। বিপুলসংখ্যক সদস্য একসঙ্গে ক্যাম্পিং করতে যাওয়ায় তাদের ধারণা, সেখানে গোসলের ব্যবস্থা পাওয়া কঠিন হতে পারে। এ কারণে তারা নিজেদের এমন ভ্রমণকারী হিসেবে পরিচয় দেন, যারা গোসল করেন না।
এর আগেও শীত মৌসুমে হাজার হাজার সদস্য ফেচাবুনে যাওয়ায় দলটি সংবাদ শিরোনাম হয়েছিল। তারা ভোরে মোটরসাইকেল নিয়ে যাত্রা করায় পথে থাকা বাসিন্দাদের অনেকের ঘুম প্রায়ই শব্দে ভেঙে যেত।
সর্বশেষ খবর
এ দিকে গত সোমবার (১৬ নভেম্বর) ব্যাংকক পোস্টের প্রতিবেদনে জানানো হয়, থাইল্যান্ডে ‘গোসল না করার সফরে’ (No-bathing trip) অংশ নেয়া আড়াই হাজারের বেশি মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।
শীত মৌসুমের শুরু উদ্যাপন করতে প্রতি বছর এ আয়োজন করা হয়। শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলে এবারের মোটরসাইকেলের বহর নিয়ে এই ভ্রমণ।
পুলিশ জানায়, অভিযুক্ত মোটরসাইকেলগুলোর মধ্যে ১ হাজার ৩৭৯টিতে বাধ্যতামূলক যন্ত্রাংশ ছিল না, ৫৬৮টিতে নম্বরপ্লেট ছিল না, ৩৯৪ জন চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং ১৮০ জন চালক হেলমেট পরেননি। এ ছাড়া ৭৪টি মোটরসাইকেল অবৈধভাবে পরিবর্তন করা হয়েছিল।
তবে ৫১০ জন মোটরসাইকেল আরোহী সতর্কবার্তা পেয়ে পার পেয়ে যান। তাদের অপরাধ তুলনামূলক সামান্য হওয়ায় এবং আগে এ ধরনের অপরাধ না করায় পুলিশ তাদের সতর্ক করে ছেড়ে দেয়। বিপজ্জনক আচরণের কারণে আরও ৪৩ জনের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড, জরিমানা অথবা মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হতে পারে।
নো-বাথিং ট্রিপ হলো, থাইল্যান্ডের তরুণ মোটরসাইকেল আরোহীদের একটি বার্ষিক দলবদ্ধ ভ্রমণ আয়োজন। শীত মৌসুমের শুরুতে হাজার হাজার বাইকার দল বেঁধে মোটরসাইকেল নিয়ে পাহাড়ি এলাকায় ঘুরতে যান।
ব্যাংকক পোস্টের খবরে আরও জানানো হয়, প্রতি বছর ‘নো-বাথিং ট্রিপে’ অংশ নেন হাজার হাজার তরুণ মোটরসাইকেল আরোহী ও মোটরসাইকেল পরিবর্তন বা সাজসজ্জার শৌখিন ব্যক্তি। তাদের গন্তব্যের মধ্যে রয়েছে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় ফেচাবুন প্রদেশের ফু থাপ বুয়েক ও খাও খো পাহাড়।
শনিবার এই ভ্রমণে অংশ নেয়া মোটরসাইকেল আরোহীদের পাঁচটি দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং ১২ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।