Image description
ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়ী পরিবার টিভিএস গ্রুপে সম্পদ বণ্টন নিয়ে পারিবারিক বিরোধ নতুন মোড় নিয়েছে। বাবা ভেনু শ্রীনিবাসনের সম্পত্তিতে সমান অংশ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন তার মেয়ে লক্ষ্মী ভেনু। তার দাবি, পরিবারের পৈতৃক সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার রয়েছে। তাই ভাই সুদর্শনের মতো তিনিও সম্পত্তির সমান ভাগ পাওয়ার অধিকারী।
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বাবার কাছে পাঠানো নোটিশে লক্ষ্মী পরিবারের প্রধান হিসেবে ভেনু শ্রীনিবাসনকে সম্পদের ন্যায্য ও আইনসম্মত বণ্টন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
 
লক্ষ্মী ভেনুর দাবি, ২০০৫ সালে সংশোধিত ভারতের হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬-এর ৬ নম্বর ধারা অনুযায়ী, পৈতৃক সম্পত্তিতে ছেলেদের মতো মেয়েদেরও সমান অধিকার রয়েছে। মেয়েরাও স্বতন্ত্রভাবে সম্পত্তির বণ্টন চাইতে পারেন।
 
এই বিরোধের কেন্দ্রে রয়েছে ভেনু শ্রীনিবাসনের পরিবারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকা অংশীদারত্ব ও সম্পদ। এর মধ্যে রয়েছে ভিএস ট্রাস্ট (VS Trust) এবং অন্যান্য হোল্ডিং প্রতিষ্ঠানের মাধ্যমে থাকা টিভিএস হোল্ডিংস, টিভিএস মোটর কোম্পানি, টিভিএস ক্রেডিট সার্ভিসেস ও সুন্দরম-ক্লেটনের অংশীদারত্ব।
 
 
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বৃহত্তর টিভিএস পরিবারের মধ্যে সম্পদ বণ্টনের একটি ব্যবস্থা হয়েছিল। তবে লক্ষ্মীর দাবি, ওই সমঝোতায় ভেনু শ্রীনিবাসনের নিজের পরিবারের মধ্যে সম্পদের বণ্টন সম্পন্ন হয়নি। পরিবারের ব্যবসা পরিচালনার দায়িত্বে থাকা মানেই কোনো একজন সদস্যের একক মালিকানা প্রতিষ্ঠিত হওয়া নয় বলেও যুক্তি দিয়েছেন তিনি।
 
লক্ষ্মীর অভিযোগ, পারিবারিক সম্পদের সুবিধা তার ভাই সুদর্শনের দিকে বেশি কেন্দ্রীভূত করা হয়েছে। এতে তার নিজের আইনগত অধিকার ক্ষুণ্ন হয়েছে। তিনি বিষয়টিকে শুধু আইনি অধিকার লঙ্ঘন নয়, আস্থারও সংকট হিসেবে দেখছেন।
 
এদিকে মেয়ের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন তার মা ও ব্যবসায়ী মাল্লিকা শ্রীনিবাসন। তিনি মনে করেন, পরিবারের সম্পদে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকা উচিত।
 
মাল্লিকা বলেন, ‘একজন মা হিসেবে আমার কাছে ছেলে ও মেয়ে সব দিক থেকেই সমান। আমি বিশ্বাস করি, লক্ষ্মীরও পরিবারের সম্পদে সুদর্শনের সমান বৈধ অংশ রয়েছে।’
 
তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে স্বচ্ছতা, ন্যায্যতা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বিরোধের সমাধান হওয়া উচিত। আইনি নোটিশ পাঠালেও লক্ষ্মী পারিবারিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটাতে আগ্রহী বলে জানিয়েছে এনডিটিভি।