Image description

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান। নতুন মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে এমনটাই। তবে ইরান এমন হামলা চালাতে পারবে কি না, কিংবা আদৌ তা করার সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। সাতজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে এ তথ্য।

সর্বশেষ গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলো বলছে, আপাতত হামলা চালানোর চেয়ে সম্ভাব্য হামলার বিভিন্ন পথ খোলা রাখতেই এসব পরিকল্পনা করছে ইরান। অর্থাৎ, এগুলো থেকে এখনই কোনো হামলার আশঙ্কা তৈরি হয়েছে, এমন নয়। তবে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনার তথ্য পেয়েছে, তাতে সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তুর সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে। দুটি সূত্র জানিয়েছে, এ তথ্য পাওয়ার পর সম্ভাব্য হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেন, যুক্তরাষ্ট্র ‘সব ধরনের সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের ভেতরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’

তবে মার্কিন কর্মকর্তারা মনে করছেন, গোয়েন্দা তথ্যে ইরানের সংঘাত আরও বাড়ানোর উদ্বেগজনক মনোভাবের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধের চাপে রয়েছে ইরান। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই অবরোধকে দেশটির জন্য ‘বিধ্বংসী’ বলে বর্ণনা করেছেন। সূত্রগুলোর মতে, গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে, ইরান এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে হামলার পরিকল্পনাও করছে। যদিও এখন পর্যন্ত হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

একটি সূত্র বলেছে, ‘হামলা চালানোর মতো লোকবল তারা সত্যিই প্রস্তুত রেখেছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।’

যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চললেও তাতে তেমন অগ্রগতি নেই। এর মধ্যেই গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। তবে নতুন এই হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের গোপন তৎপরতা সংঘাতের অনিশ্চিত ও অস্থিতিশীল পরিস্থিতিই তুলে ধরছে। যুদ্ধটি এতটাই জটিল হয়ে উঠেছে যে এর অবসান ঘটানো কঠিন হয়ে পড়েছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন, তার মাশুল শুধু জ্বালানির বাড়তি দাম দিয়েই নয়, আরও নানা উপায়ে মার্কিন নাগরিকদের দিতে হতে পারে।

দুটি সূত্র জানিয়েছে, এই হুমকি মোকাবিলার উপায় নিয়ে গত এক সপ্তাহে কর্মকর্তারা বেশ কয়েকটি বৈঠক করেছেন। একটি সূত্র এই প্রস্তুতিকে ‘বিচক্ষণতাপূর্ণ’ বলে বর্ণনা করেছে। এদিকে ইরানের হুমকির কারণে গত সপ্তাহে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নিয়েছে সিক্রেট সার্ভিস।

 

ওয়াশিংটন শহর— রয়টার্সট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনাও ছিল। তবে এসব ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল বিদেশ সফরের সময় মার্কিন কর্মকর্তাদের হত্যার সুযোগ খোঁজা।



মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অপ্রচলিত অস্ত্র দিয়ে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ডার্টি বোমা তৈরি করা তুলনামূলক সহজ। এতে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। এ ধরনের হামলা চালাতে ইরানকে প্রশিক্ষিত হামলাকারী গোপনে যুক্তরাষ্ট্রে পাঠানোরও প্রয়োজন নেই। দেশটির ভেতরে বসবাস করছেন এমন কাউকে হামলা চালাতে রাজি করাতে পারলেই হবে।



একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইরানের এমন কিছু কথোপকথনের তথ্য পেয়েছেন, যেখানে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত রাখা হয়েছে। এই তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। তবে তাদের অনেকের ধারণা, ইরান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে তেজস্ক্রিয় পদার্থ বা রাসায়নিক উপাদান মজুত করে রাখতে পেরেছে, যা প্রচলিত বোমায় ব্যবহার করা সম্ভব। এমন কাজ করা ইরানের জন্য খুব সহজ, এমনকি তারা তা ইতিমধ্যে করে রেখেছে বলেই মনে করছেন কেউ কেউ।



গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একটি সূত্র বলেছে, ‘গত প্রায় ১০ বছর ধরে আমাদের সীমান্ত যেভাবে অরক্ষিত ছিল, তাতে হামলাকারীদের দেশে ঢোকানো এবং বোমার উপাদান সংগ্রহ ও স্থাপন করা অত্যন্ত সহজ ছিল।’ আরেকটি সূত্র জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বিভাগের অনেক কর্মকর্তা মনে করেন, তেজস্ক্রিয় পদার্থ যুক্তরাষ্ট্রে কয়েক বছর নয়, বরং কয়েক দশক আগেই মজুত করে রাখা হয়ে থাকতে পারে।



দ্বিতীয় সূত্রটি বলেছে, অর্থাৎ এ ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের আগের চেয়ে বাড়েনি। বদলেছে হামলা চালানোর পেছনে তাদের আগ্রহ বা প্রণোদনা।



মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে মন্তব্যের জন্য জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। তবে দপ্তরটি মন্তব্য করতে রাজি হয়নি।

 



নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশনের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইরান ‘যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে। এ বিষয়ে প্রচারিত মিথ্যা ও বানোয়াট অভিযোগ তারা স্পষ্ট প্রত্যাখ্যান ও দ্ব্যর্থহীনভাবে নাকচ করছে।’ তবে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্যের বিষয়ে মুখপাত্রটি সরাসরি কোনো মন্তব্য করেননি।

 


‘সন্ত্রাস ছড়ানোর অস্ত্র’, নিখুঁত হামলার নয়



ডার্টি বোমা পারমাণবিক বোমার মতো নয়। পারমাণবিক বোমায় নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া ঘটে, যা অনেক বেশি ধ্বংসাত্মক। ডার্টি বোমা বিস্ফোরণের পর বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে কয়েক ব্লক, এমনকি কয়েক মাইল দূর পর্যন্ত পৌঁছাতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমায় হতাহতের প্রধান কারণ হবে বিস্ফোরণ, তেজস্ক্রিয়তা নয়। প্রচলিত বোমার মতোই এটি তৈরি করা যায়। তবে এর জন্য তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করাই সবচেয়ে কঠিন কাজ।

 

হরমুজ প্রণালি— রয়টার্সনতুন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একটি সূত্র বলেছে, ‘এ ধরনের অস্ত্র নিখুঁত হামলা চালানোর জন্য নয়, বরং সন্ত্রাস ছড়ানোর জন্য। আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেওয়ার মতোই এটি। এর মাধ্যমে মানুষকে গুরুতর অসুস্থ করে তোলা যায় এবং নির্দিষ্ট কিছু এলাকা বসবাসের অনুপযোগী করে ফেলা সম্ভব।’



যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে পারে হামলার পরিকল্পনা আগেভাগে শনাক্ত করা। বিদেশিদের যোগাযোগে আড়ি পাতার সুযোগ দিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ নজরদারি আইনের মেয়াদ গত জুনে শেষ হয়েছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে বিরোধের কারণে আইনটির মেয়াদ বাড়ানো যায়নি। বিরোধের কেন্দ্রে ছিলেন ট্রাম্পের তৎকালীন ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বিল পুল্টে। জুনের আগে অনুমোদিত নজরদারির আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে কংগ্রেস আইনটি পুনরায় অনুমোদন না করলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা শনাক্ত করার অন্যতম কার্যকর উপায়টি হারাতে পারে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা।



গত সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ আইনটি পুনরায় অনুমোদনের আহ্বান জানিয়েছেন। তারা লিখেছেন, আইনটি অনুমোদনে দেরি হলে ‘দেশের ভেতরে থাকা মার্কিন নাগরিক এবং বিদেশে অবস্থানরত মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। বিশেষ করে ‘গ্যাং অব এইট’-কে জানানো উচ্চমাত্রার হুমকির পরিস্থিতিতে এই ঝুঁকি আরও বেশি।’

তথাকথিত ‘গ্যাং অব এইট’-এর সদস্যদের কয়েক দিন আগে ইরান বিষয়ে গোয়েন্দা তথ্য জানানো হয়েছিল। এই গোষ্ঠীতে কংগ্রেসের উভয় কক্ষের চার নেতা এবং প্রতিনিধি পরিষদ ও সিনেটের গোয়েন্দা কমিটির দুই দলের নেতারা রয়েছেন। তবে ওই ব্রিফিংয়ে ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র হামলার সুনির্দিষ্ট হুমকির বিষয়টি তুলে ধরা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।



মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপরও ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা। এ বিষয়ে দুটি পৃথক গোয়েন্দা সূত্রের তথ্যের কথা জানিয়েছেন কর্মকর্তারা। এ উদ্বেগ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। কয়েকজন কর্মকর্তা স্পষ্টভাবে বলেছেন, এ ধরনের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য মার্কিন সেনাদের কাছে পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী বা প্রশিক্ষণ নেই।



সাম্প্রতিক গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এই আশঙ্কা থেকে আলাদা একটি প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এর লক্ষ্য হলো, মধ্যপ্রাচ্যে অবস্থানরত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ নিশ্চিত করা, যাতে ইরানের রাসায়নিক অস্ত্র হামলার শিকার হলে তারা নিজেদের রক্ষা করতে পারেন।

 

ডোনাল্ড ট্রাম্প— রয়টার্সক্রমবর্ধমান এসব হুমকির মধ্যে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত চলছে। মার্কিন অবরোধ প্রত্যাহার, প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দেশের আলোচনা এখন পর্যন্ত কোনো ফল বয়ে আনেনি। ওই অঞ্চলের একটি সূত্র বলেছে, দুই পক্ষই আপাতত একটি চুক্তিতে পৌঁছাতে চায়। কিন্তু কোনো পক্ষই অর্থবহ ছাড় দিতে প্রস্তুত বলে মনে হচ্ছে না।



আঞ্চলিক ওই সূত্রের মতে, যেকোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর জন্য আগামী কয়েক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে কোনো কোনো পক্ষ চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।



ওই সূত্র আরও বলেছে, এ ক্ষেত্রে নজরে রাখতে হবে ইরানের কট্টরপন্থীদের এবং দেশটির শাসনব্যবস্থার ভেতরে থাকা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া কিছু গোষ্ঠীকে। যুদ্ধ থেকে তারা লাভবান হয়েছে। সংঘাত চালিয়ে যেতে হামলা চালানোর ব্যাপারে তাদের আগ্রহ তৈরি হতে পারে।



এক মার্কিন কর্মকর্তা বলেছেন, এই দুটি অস্ত্রের যেকোনোটি মধ্যপ্রাচ্যে বা যুক্তরাষ্ট্রে ব্যবহার করলে ইরানকে যে পাল্টা আঘাতের মুখে পড়তে হবে, তা দেশটি ভালোভাবেই জানে।



তবে ইরানের নেতারা যদি মনে করেন, তাদের শাসনব্যবস্থার টিকে থাকাই হুমকির মুখে, তাহলে তারা এই ঝুঁকি নেওয়ার কথা বিবেচনা করতে পারেন।

 

সূত্র: সিএনএন