Image description

সৌদি আরবের জ্বালানি কোম্পানি ডেলটা এনার্জি সৌদি পাকিস্তানের ইন্টার স্টেট গ্যাস সিস্টেমসের সঙ্গে একটি চুক্তি করেছে। এর আওতায় দক্ষিণ এশিয়ার দেশটিতে জ্বালানি অবকাঠামো উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হবে। প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার। এক বিবৃতিতে মঙ্গলবার কোম্পানি দুটি জানিয়েছে এ তথ্য।

কর্মসূচির আওতায় পাকিস্তানের পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরব সাগর উপকূলীয় বন্দরনগরী গোয়াদর পর্যন্ত একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের সম্ভাবনা যাচাই করা হবে।

এ ছাড়া পূর্ব সীমান্ত পর্যন্ত পাইপলাইন সম্প্রসারণের সম্ভাবনা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনা, গ্যাস প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণব্যবস্থা এবং রপ্তানি টার্মিনাল নির্মাণের বিষয়ও বিবেচনা করা হবে।

কর্মসূচিতে পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী চামান থেকে দেশটির ভেতর দিয়ে ভারতের সীমান্তের কাছে ফাজিলকা পর্যন্ত একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ডেলটা এনার্জি এই পথকে ‘মূল কৌশলগত অঙ্গীকার’ হিসেবে বর্ণনা করেছে। এ প্রকল্প বাস্তবায়নে পাকিস্তান ও ভারতের কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ এবং চুক্তি প্রয়োজন হবে।

পাকিস্তানে গ্যাস সরবরাহের উদ্দেশ্যে নেওয়া অন্যান্য পাইপলাইন নির্মাণের পরিকল্পনাগুলো বছরের পর বছর ধরে বিলম্বিত হচ্ছে।

গ্যাসের সম্ভাব্য উৎস হিসেবে আফগানিস্তানের কাশক গ্যাস কনসেশন এবং দেশটির অন্যান্য সম্পদের কথা উল্লেখ করেছে ডেলটা এনার্জি। কোম্পানিটি জানিয়েছে, এই কর্মসূচি তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (টিএপিআই) প্রকল্প থেকে আলাদা এবং এটি তুর্কমেনিস্তানের ওপর নির্ভরশীল নয়।

চুক্তিটি প্রস্তাবিত প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের একটি কাঠামো তৈরি করেছে। তবে এটি চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নয়। প্রকল্পগুলোর অর্থায়ন বা নির্মাণের কোনো বাধ্যবাধকতাও এই চুক্তিতে নেই।