Image description

সিএনএনের বিশ্লেষণ

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থার সাম্প্রতিক বিপর্যয় দেশটির পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা আধুনিকায়নের প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে। গত সপ্তাহে সরকারি কার্যক্রমে অচলাবস্থার জেরে দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। হাজার হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন ১০ লাখের বেশি যাত্রী। তবে স্থানীয় সময় আজ সোমবার সকাল নাগাদ বিমান চলাচল পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।

কিন্তু এই বিপর্যয়ের দায় কার, কীভাবে এমন পরিস্থিতি তৈরি হলো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন—এসব প্রশ্নে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিমান চলাচল ব্যবস্থা আধুনিকায়নে আরও কয়েক হাজার কোটি ডলার বরাদ্দের দাবি জানিয়েছে। অন্যদিকে, কংগ্রেসে নতুন করে শক্তিশালী অবস্থানে আসা ডেমোক্র্যাটরা বলছেন, যথাযথ পরিকল্পনা ও ব্যয়ের স্বচ্ছ হিসাব ছাড়া সরকারকে কোনোভাবেই বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হবে না।

বিশেষজ্ঞ ও আইনপ্রণেতাদের মতে, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা দীর্ঘদিন ধরেই পুরোনো প্রযুক্তি ও অতিরিক্ত চাপের মধ্যে পরিচালিত হচ্ছে। ফলে ব্যবস্থাটিকে আধুনিকায়ন করা জরুরি হলেও চলমান কার্যক্রম সচল রেখে এত বড় অবকাঠামোগত পরিবর্তন বাস্তবায়ন করা অত্যন্ত জটিল।

ট্রাম্পের বক্তব্য ও অর্থ বরাদ্দের দাবি
বিমান চলাচল বিপর্যয়ের পর বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক দশক ধরে এই ব্যবস্থায় প্রয়োজনীয় বিনিয়োগ হয়নি। ফলে অবকাঠামো এখন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।

ডাফির ভাষ্য অনুযায়ী, সর্বশেষ বিপর্যয়ের পেছনে পুরোনো তামার তার পরিবর্তনের একটি কার্যক্রম জড়িত ছিল। ওই কাজের ফলে বিপুল পরিমাণ তথ্যপ্রবাহ তৈরি হয়, যা পুরো নেটওয়ার্কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

তবে এ ঘটনায় সরকারের ব্যাখ্যা নিয়েও প্রশ্ন উঠেছে। গত শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিনকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে ডাফি পরিস্থিতির পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেননি। এ সময় বিমানবন্দরগুলোতে আটকে পড়া যাত্রীদের ভোগান্তির মধ্যেই সংবাদ সম্মেলনটি রাজনৈতিক বক্তব্যে পরিণত হয়।

গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ বিপর্যয়ের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেছেন। একই সঙ্গে তিনি বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে এককালীন বড় অঙ্কের অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন। তার মতে, খণ্ড খণ্ডভাবে অর্থ বরাদ্দ দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

শুক্রবার ডাফি আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় অর্থের দাবি ৩০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫০ বিলিয়ন ডলার করেন। তবে অতিরিক্ত অর্থ কেন প্রয়োজন এবং কীভাবে তা ব্যয় করা হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরতে পারেননি তিনি।

ডেমোক্র্যাটদের আপত্তি: স্বচ্ছ পরিকল্পনা ছাড়া অর্থ নয়
ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বলা হচ্ছে, বিমান চলাচল ব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় অর্থ দিতে তারা রাজি। তবে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন, ট্রাম্প প্রশাসনের চাহিদা অনুযায়ী কংগ্রেস ইতিমধ্যে তার ‘বিগ বিউটিফুল বিল’-এর মাধ্যমে ১২ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। অথচ সেই অর্থের মাত্র এক-তৃতীয়াংশ ব্যয় হয়েছে। এ অবস্থায় নতুন করে বিপুল অর্থ চাওয়ার আগে পূর্বের বরাদ্দের হিসাব দিতে হবে।

তিনি বলেছেন, সমস্যা সমাধানে যত অর্থ প্রয়োজন, তিনি তা সমর্থন করবেন। তবে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে প্রশাসনকে তার যৌক্তিকতা তুলে ধরতে হবে।

অন্যদিকে, ডেমোক্র্যাট প্রতিনিধি জিম হাইমস এ বিপর্যয়ের জন্য ট্রাম্প প্রশাসনের নীতিকেও দায়ী করেছেন। তার অভিযোগ, ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিইর পদক্ষেপে গত বছর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রায় ১ হাজার ৩০০ কর্মী অবসরে যেতে বা চাকরি ছাড়তে বাধ্য হন। এ ছাড়া পরীক্ষামূলক পর্যায়ে থাকা আরও ৪০০ কর্মীকে ছাঁটাই করা হয়। তার মতে, এসব সিদ্ধান্তের প্রভাবই সাম্প্রতিক বিপর্যয়ে দেখা গেছে।

আধুনিকায়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন
বিমান চলাচল ব্যবস্থার সংকট মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ও বিতর্ক সরকারের কার্যকারিতা নিয়ে জনমনে সংশয় তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের সরকারি জবাবদিহি কার্যালয় (জিএও) গত সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এফএএ পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে অগ্রগতি অর্জন করলেও কিছু ক্ষেত্রে ব্যয়ের চেয়ে দ্রুত বাস্তবায়নকে বেশি গুরুত্ব দিচ্ছে। এতে বিমান চলাচলে বিঘ্ন বাড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, আধুনিকায়ন প্রকল্পগুলোর জন্য এফএএর কাছে পূর্ণাঙ্গ জীবনচক্রভিত্তিক ব্যয় নির্ধারণ কিংবা সমন্বিত সময়সূচি নেই। ফলে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে এবং পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরতা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাস্তবে গত শুক্রবারের বিপর্যয় কোনো আকস্মিক সমস্যার ফল নয়। কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও বিভিন্ন প্রশাসন বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্ক করে আসছে।
ডাফি জানিয়েছেন, বর্তমানে ব্যবহৃত কিছু ব্যবস্থা ১৯৯০-এর দশকের প্রযুক্তিনির্ভর। এমনকি কিছু রাডার এখনো ১৯৬০ ও ১৯৭০-এর দশকের প্রযুক্তিতে চলছে।

সংকটের পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল অবকাঠামো আধুনিকায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিরোধ ও বাজেটসংক্রান্ত জটিলতা। একদিকে প্রশাসনগুলো বড় প্রকল্পের জন্য অর্থ চায়, অন্যদিকে কংগ্রেসে দলীয় বিরোধের কারণে অনেক সময় সেই অর্থ বরাদ্দ আটকে যায় বা কমিয়ে দেওয়া হয়।

২০১১ সালে তৎকালীন প্রতিনিধি ক্রিস ভ্যান হোলেন অভিযোগ করেছিলেন, রিপাবলিকান নেতারা বিমান চলাচল অবকাঠামো উন্নয়নের বরাদ্দ ২০০৮ সালের পর্যায়ে নামিয়ে এনেছেন। সে সময় তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল অবকাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন।

২০১৫ সালেও প্রেসিডেন্ট বারাক ওবামার বাজেট পরিচালক শন ডোনোভান সতর্ক করেছিলেন, এফএএর ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের বরাদ্দের বিপরীতে রিপাবলিকানদের প্রস্তাবিত ২৫৫ মিলিয়ন ডলারের কাটছাঁট আধুনিকায়ন কার্যক্রমকে ধীর করে দেবে। এর ফলে ভবিষ্যতে বিমান চলাচলে বিলম্ব বাড়বে এবং যন্ত্রপাতি প্রতিস্থাপনের ব্যয়ও বৃদ্ধি পাবে।

২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারের এফএএ বরাদ্দ প্রস্তাব নিয়েও ডেমোক্র্যাটরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের বক্তব্য ছিল, যথাযথ নীতিমালা, বাস্তবায়ন পরিকল্পনা, সময়সীমা ও অর্থের পরিমাণ নিশ্চিত না করে বিপুল অর্থ ব্যয় করা উচিত নয়।

সামনে আরও কঠিন রাজনৈতিক লড়াই
আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার প্রেক্ষাপটে বিমান চলাচল ব্যবস্থার আধুনিকায়ন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাদের বিরোধ আরও বাড়তে পারে। সিনেটর ট্যামি ডাকওয়ার্থ অভিযোগ করেছেন, রিপাবলিকানরা ট্রাম্পের ব্যক্তিগত পছন্দের বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ দিলেও বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা ও উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দেননি।

এদিকে, পরিবহনমন্ত্রী শন ডাফি রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থার আধুনিকায়ন এখন আর বিলম্ব করার মতো বিষয় নয়।

তাত্ত্বিকভাবে বিমান চলাচলের নিরাপত্তা এমন একটি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, যেখানে দলমত নির্বিশেষে ঐকমত্য থাকা প্রয়োজন। কারণ, এ ব্যবস্থার ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের নিরাপত্তা ও দৈনন্দিন জীবন। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের গভীর রাজনৈতিক বিভাজন এবং দলীয় স্বার্থের সংঘাত বড় অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নকে বারবার বাধাগ্রস্ত করছে।