Image description

ইরানে আরো বড় ধরনের হামলা চালানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ। এসব দেশের অনুরোধে আপাতত ইরানের ওপর বড় ধরনের হামলা স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনশিল্প ধ্বংস করে দিতে পারেন।

 

হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি দাবি করেন, চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখছেন।

 

ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, দয়া করে আপাতত পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই থাকতে দিন।’

 

তিনি আরো বলেন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।

 

তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত নন বলে জানান। ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এর সঙ্গে একমত।’

 

সাংবাদিক তাকে প্রশ্ন করেন, উপসাগরীয় দেশগুলো অনুরোধ না জানালে তিনি ইরানে আরো হামলা চালাতেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি হামলা চালাতাম।’

 

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা থেকে বিরত থেকেছে। তবে চাইলে এসব স্থাপনা ধ্বংস করতে তার বেশি সময় লাগবে না।

 

তিনি বলেন, ‘এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে।’

 

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন তিনি।