Image description

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় একদল ব্যক্তির হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য আহত হয়েছেন। চোরাকারবারি সন্দেহে একদল ব্যক্তির হামলায় তারা গুরুতরভাবে আহত হন। এ সময় বিএসএফ সদস্যদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং একটি সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) সকালে ত্রিপুরার বক্সনগরের আশাবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এদিকে বিএসএফ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, আশাবাড়িতে একদল দুর্বৃত্তের হাতে বিএসএফ সদস্যদের ওপর নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানানো উচিত।

 

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর যেকোনো ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনের আওতায় কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

মানিক সাহা জানান, হামলার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সম্মান ও সুরক্ষা পাওয়ার অধিকারী বলেও উল্লেখ করেন তিনি।

 

ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকালে আশাবাড়ি এলাকায় দায়িত্ব পালনের সময় চোরাকারবারি সন্দেহে একদল ব্যক্তির হামলার শিকার হন বিএসএফের তিন সদস্য। হামলাকারীরা তাদের রাস্তায় ফেলে মারধর করেন। একপর্যায়ে আহত সদস্যদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালানো হয়। এ ছাড়া ঘটনাস্থলে থাকা একটি সরকারি গাড়িতে ভাঙচুর চালান তারা।

 

এ ঘটনায় আহত বিএসএফ সদস্যদের অবস্থা এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।