খুনের মামলার বিচার থেকে বাঁচতে এবং লোকজনের পাওনা টাকা পরিশোধ এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি। রাজকুমার রাজভর (৩৮) নামের ওই ব্যক্তি ছাগলের মৃতদেহের ওপর নিজের মুখাবয়ব এআইয়ের মাধ্যমে সুপারইমপোজ করে ভুয়া অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি তৈরি করেন এবং শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হন। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুন্শিপুরা রেললাইন এলাকায় যোগেশ সিং নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন রাজকুমার রাজভর। ওই হত্যা মামলায় তিনি জামিনে ছিলেন।
বিচারকার্য চলাকালীন আদালতে তিনি নিজেকে মৃত হিসেবে প্রমাণের জন্য ভুয়া কাগজপত্র দাখিল করেন এবং প্রায় দেড় বছর ধরে স্বাধীনভাবে জীবনযাপন করছিলেন।
তদন্তে জানা গেছে, গত ২০২৫ সালের ৩০ মে গাজিপুরে নিজের মৃত্যুর পরিকল্পনা বাস্তবায়ন করেন রাজকুমার। একটি চিতার ওপর মরদেহের জায়গায় ছাগল পুড়িয়ে এবং এআই-এর সহায়তায় তৈরি করা অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যের ভুয়া ছবি ব্যবহার করে মৌ পৌরসভা থেকে মৃত্যুর সার্টিফিকেট সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে সেই সার্টিফিকেট আদালতে জমা দেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অনুপ কুমার জানান, দ্বাদশ শ্রেণি পাস না করা রাজকুমার স্টক মার্কেটে ট্রেডার হিসেবে কাজ করতেন এবং বাজারে বিনিয়োগের কথা বলে বিভিন্ন শহরের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে বড় অংকের টাকা সংগ্রহ করেছিলেন। খুনের মামলা থেকে বাঁচতে এবং সেই টাকা ফেরত দেয়া এড়ানোর জন্যই তিনি এই মৃত্যুর নাটক সাজিয়েছিলেন।
গত রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে খওয়াজাজাহানপুর এলাকা থেকে কোতোয়ালি নগর পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও সার্ভেইলেন্স টিমের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এখন যেহেতু তিনি আর ‘মৃত’ নন, তাই তার বিরুদ্ধে ঝুলে থাকা হত্যা মামলার পাশাপাশি জালিয়াতির অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।