Image description

যুক্তরাষ্ট্রের উত্তর–পশ্চিমাঞ্চলের ওরেগন অঙ্গরাজ্যে প্রাথমিক একটি স্কুলে গুলির ঘটনায় তিন শিশু ও একজন শিক্ষক নিহত হয়েছেন। ওরেগনের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, হামলাকারীর বয়স ১৬ বছর। সশস্ত্র এক ব্যক্তি তাকে পরে হত্যা করেন।

এ ঘটনায় আরও এক শিশু ও শিক্ষক গুরুতর আহত হয়েছেন। বেন্ড শহরে সিলভার রেইল এলিমেনটারি স্কুলে এ গুলির ঘটনা ঘটে।

বেন্ডের পুলিশপ্রধান মাইক ক্রানজ বলেন, এক ব্যক্তি প্রথমে হামলার খবর জানান। বড় বন্দুক হাতে একজন একাধিকবার গুলি করেছে বলে তিনি জানান। পরে জানা যায়, বন্দুকধারী স্কুলে ঢুকেছে। পুলিশ স্কুলটি ঘিরে ফেলে। ভেতরে ঢোকার পর জানা যায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।

পুলিশ প্রধান আরও জানান, নিহত তিন শিশুর বয়স, ৫, ৮ ও ১১ বছর। আহত আরেক শিশুর বয়স ৭ বছর। আর আহত শিক্ষকের বয়স ৫৪ বছর। হামলাকারী বেন্ড শহরের বাসিন্দা বলেও পুলিশ জানিয়েছে।

জেলার তত্ত্বাবধায়ক স্টিভ কুক এ ঘটনায় শোক জানিয়েছেন। বেন্ড শহরে শুক্রবার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বছর যুক্তরাষ্ট্রে ৩৬০টিরও বেশি গুলির ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভ এমন তথ্য দিয়েছে।