সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় ৪১ জন নিহত হয়েছেন। শুক্রবার আবু শান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি ল’ইয়ার্সের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির দাবি, হামলাটি চালিয়েছে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওচা) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় নিহত ও আহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু।
এক বিবৃতিতে ওচা জানিয়েছে, হামলার ভয়াবহ খবর তাদের মর্মাহত করেছে। সংস্থাটি আরও বলেছে, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় ধারাবাহিক হামলা চলছে। এসব হামলার কারণে হাজারো বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
আরও অনেকে গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছেন।
২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘাত চলছে। দীর্ঘস্থায়ী এ যুদ্ধে বিপুলসংখ্যক মানুষ নিহত হয়েছেন এবং এক কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সংঘাতের কারণে সুদানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
দেশটির লাখ লাখ মানুষের চিকিৎসাসেবা প্রয়োজন। খাদ্য, আশ্রয় ও চিকিৎসার সংকটের মধ্যে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
সুদানের মধ্য ও পূর্বাঞ্চলের বড় অংশ বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, আরএসএফের প্রধান ঘাঁটি পশ্চিমাঞ্চলের দারফুরে। দক্ষিণাঞ্চলের কিছু এলাকাও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘাতে সেনাবাহিনী ও আরএসএফ—উভয় পক্ষের বিরুদ্ধেই ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে।
শীর্ষনিউজ