Image description

ইসরায়েল থেকে নির্ধারিত একটি ফ্লাইটকে শনিবার অবতরণের অনুমতি দেয়নি মরিশাস। অনুমতি পাওয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ফ্লাইটটি বাতিল করা হয়। এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।

ইয়েনেট নিউজ ওয়েবসাইট জানিয়েছে, এয়ার সেশেলসের ফ্লাইটটি ইসরায়েল থেকে মরিশাসের উদ্দেশে যাওয়ার কথা ছিল। তবে দেশটির কর্তৃপক্ষ অবতরণের অনুমতি না দেওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

ভ্রমণটির আয়োজক ইসরায়েলি ট্যুর অপারেটর স্পিরিট ওয়ার্ল্ড প্রোডাকশনস জানিয়েছে, কয়েক মাস আগেই ফ্লাইটটির জন্য প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল।

কোম্পানিটি বলেছে, তাদের জানানো হয়েছে যে অনুমতি না দেওয়ার সিদ্ধান্তটি ‘রাজনৈতিক ও কূটনৈতিক বিবেচনার’ ভিত্তিতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে মরিশাসের কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলো ইসরায়েলের চ্যানেল ১২-কে জানিয়েছে, চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় মরিশাসের প্রতিনিধিদল অনুপস্থিত থাকার সঙ্গে এই সিদ্ধান্তের সম্পর্ক রয়েছে।

স্পিরিট ওয়ার্ল্ড প্রোডাকশনস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা এয়ার সেশেলস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি