ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে ইরানি জাতির বৈধতা, গভীর ইতিহাস ও সমৃদ্ধ সভ্যতার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান ও বিশ্বের ওপর বিভিন্ন বিষয় চাপিয়ে দিচ্ছে এবং দেশটি আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে শক্তি প্রয়োগ ও অমানবিক কর্মকাণ্ড চালাচ্ছে। ট্রাম্পের বক্তব্য শোনার পর তাদের পূর্বপ্রস্তুত বক্তব্যেও পরিবর্তন আনা হয়েছিল বলে জানান পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শোনার পর তার দল তার বক্তব্যের খসড়ায় পরিবর্তন আনে।
ইরানের গণমাধ্যমকে মাসউদ পেজেশকিয়ান বলেন, ‘আমরা বক্তব্য দেয়ার জন্য একটি খসড়া প্রস্তুত করেছিলাম। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য শোনার পর আমাদের দৃষ্টিভঙ্গি সেই খসড়ার বাইরেও বিস্তৃত হয়।’
‘জাতিসংঘ সাধারণ পরিষদে আমি ইরানি জাতির বৈধতার পক্ষে কথা বলেছি। ইরানি জাতি—যার রয়েছে গভীর শিকড় ও সমৃদ্ধ সভ্যতা—ধ্বংস করা সম্ভব নয়।’ পেজেশকিয়ান বলেন, ‘তারা সব আন্তর্জাতিক আইন ও মানবিক কাঠামো লঙ্ঘন করে কাজ করছে। তারা শক্তি প্রয়োগ ও অমানবিক কর্মকাণ্ড ছাড়া আর কিছুই করছে না।’