Image description

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের সময় মুসলিম আইপিএস ও আইএএস কর্মকর্তাদের সরকারি বৈঠক ও কর্মসূচি থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেওয়ার পর পশ্চিমবঙ্গ পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করেছে বলে জানিয়েছেন তিনি।

 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে মহুয়া মৈত্র জানান, ওই পোস্টের কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। শুক্রবার বিষ্ণুপুর থানায় যাওয়ার কথাও জানান তিনি।

মহুয়া লেখেন, অমিত শাহর বৈঠক থেকে মুসলিম আইপিএস ও আইএএস কর্মকর্তাদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার বিষয়ে তিনি পোস্ট করেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করেছে এবং শুক্রবার বিষ্ণুপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বলে দাবি করেন তিনি।

 

এর পাশাপাশি তিনি জাতিসংঘের ‘স্পেশাল র‌্যাপোর্টিয়ার অন মাইনরিটি ইস্যু’-এর কাছে পাঠানো এক চিঠিতেও একই ধরনের অভিযোগ জানান। সেখানে অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের সময় মুসলিম পরিচয়ের কারণে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সরকারি অনুষ্ঠান ও বৈঠক থেকে বাদ পড়েছেন বলে উল্লেখ করেন।

 

মহুয়ার অভিযোগ, শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজাকে অমিত শাহকে স্বাগত জানানোর জন্য কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের মহানির্দেশক জাভেদ শামিমকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কোনো সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।

 

এ ছাড়া জ্যেষ্ঠ আইএএস কর্মকর্তা খলিল আহমেদকে একটি উচ্চপর্যায়ের বৈঠক থেকে বের হয়ে যেতে বলা হয়েছিল বলে অভিযোগ করেন এই তৃণমূল সংসদ সদস্য।

 

১৭ সেপ্টেম্বরের পোস্টে মহুয়া ওই তিন কর্মকর্তার প্রসঙ্গ তুলে লেখেন, অমিত শাহ উপস্থিত থাকলে বাংলার মুসলিম কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। একই পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘এই সাম্প্রদায়িক আচরণের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন না?’

ডিজিটালঅভিধান খুঁজুন

 

 

এর আগে ১ সেপ্টেম্বরও একই অভিযোগ তুলে এক্সে পোস্ট করেছিলেন মহুয়া। পরে জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষ র‌্যাপোর্টিয়ারের কাছে পাঠানো চিঠিতে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।