কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম। ভারতের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ভিত্তিতে এমন কোনো তথ্য তার কাছে নেই বলেও জানান তিনি।
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৫ সালের পেহেলগাম হামলা এবং এতে পাকিস্তানের কথিত সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হয় আনোয়ার ইবরাহিমকে।
পাকিস্তানের কথিত ভূমিকাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচনা করেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এতটা দূর যেতে চান না।
তার মতে, পাকিস্তানের দায় আগে নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি দাবি করছেন না যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি। তবে কোনো ঘটনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা জরুরি। ভারতের সঙ্গে মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থার যোগাযোগের ভিত্তিতে পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালানোর কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।২০২৫ সালের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে।
ঘটনাটিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়। পরে দুই দেশ পাল্টাপাল্টি সামরিক হামলায় জড়িয়ে পড়ে।
প্রায় ৮৮ ঘণ্টার সংঘাতের পর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
শীর্ষনিউজ