Image description

ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলার রাজস্ব বিভাগের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পানিতে ভরা একটি নালা পার হওয়ার সময় এক বৃদ্ধের পিঠে চড়ে বসা ওই কর্মকর্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। একইসঙ্গে ঘটনাটি তদন্তেরও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অভিযুক্ত ওই রাজস্ব কর্মকর্তার নাম পাটওয়ারি নীলেশ নামদেব। প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের সিধি জেলার মাতা গ্রামে সরকারি জরিপের কাজে গিয়েছিলেন পাটওয়ারি। সেখানেই ওই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, লালওয়া কেওয়াত নামে এক বৃদ্ধ নিজের পিঠে করে নীলেশ নামদেবকে পানিভরা নালা পার করে নিয়ে যাচ্ছেন। এ সময় নীলেশের পরনে জ্যাকেট ছিল। নালা পার হওয়ার সময় তিনি নিজের জুতা যাতে ভিজে না যায়, সেদিকে খেয়াল রাখছিলেন বলেও ভিডিওতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, ঘটনাটি শীতকালে ঘটেছিল। তবে কয়েক মাস পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সিধির এসডিএম প্রিয়া পাঠক নীলেশ নামদেবকে সাময়িক বরখাস্ত করেন। এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত কালেক্টর বি পি পাণ্ডেকে।

প্রতিবেদন অনুযায়ী, দাপ্তরিক কাজের অংশ হিসেবে নীলেশ মাতা গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় স্থানীয় ওই বৃদ্ধের সহায়তায় তিনি নালা পার হন। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মকর্তাদের আচরণ এবং বয়স্ক মানুষের সঙ্গে তাদের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে।