Image description

আন্তর্জাতিক মুসলিম ঐক্য সম্মেলনে দেওয়া এক বার্তায় ইরানের বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব গ্র্যান্ড আয়াতুল্লাহ নুরি হামেদানি মুসলিম দেশগুলোর শাসকদের মধ্যে ঐক্য ও সহযোগিতাকে সকলের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব গ্র্যান্ড আয়াতুল্লাহ নুরি হামেদানি ৪০তম আন্তর্জাতিক মুসলিম ঐক্য সম্মেলনে দেওয়া এক বার্তায় বলেছেন: মুসলিম দেশগুলোর মর্যাদা ও নিরাপত্তা পরস্পর থেকে পৃথক নয়। অন্যান্য মুসলিম দেশগুলোর দুর্বলতা, নিরাপত্তাহীনতা এবং বিভাজনের মধ্যে কোনো একটি মুসলিম দেশের পক্ষে কেবল নিজের জন্য স্থায়ী নিরাপত্তা ও কর্তৃত্ব অর্জন করা সম্ভব নয়। শত্রুরা মুসলিমদের মধ্যকার মতপার্থক্যের সুযোগ নেয় এবং মুসলিম জাতি ও রাষ্ট্রগুলোর জাগরণ, দূরদৃষ্টি, ঐক্য ও সহযোগিতাই তার লোভকে মুসলিম দেশগুলোতে পৌঁছাতে বাধা দেয়।তিনি জোর দিয়ে বলেন, ইসলামের ইতিহাস জুড়ে মুসলমানদের ঐক্য ও ঘনিষ্ঠতা অপরিহার্য ছিল; তবে আজ, যখন ইসলামের শত্রুরা সর্বশক্তি দিয়ে মুসলমানদের দুর্বল করতে, বিভেদ সৃষ্টি করতে এবং মুসলিম দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে, তখন ঐক্যের বিষয়টি দ্বিগুণ গুরুত্বপূর্ণ এবং এর যৌক্তিক প্রয়োজনীয়তা ও ধর্মীয় বাধ্যবাধকতা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে। পবিত্র কোরআন মুসলমানদেরকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার জন্য আহ্বান করেছে এবং এমন সংঘাত ও বিভাজনকে স্পষ্টভাবে নিষেধ করেছে যা তাদের শক্তি ও গৌরবকে দুর্বল ও ধ্বংস করবে।

গ্র্যান্ড আয়াতুল্লাহ নুরি হামেদানি স্পষ্ট করে বলেন: আজ, আমেরিকা ও ইসরায়েলের নেতৃত্বে ইসলামের শত্রুরা মুসলমানদের দুর্বলতা, বিভাজন এবং পশ্চাৎপদতা ছাড়া আর কিছুই চায় না। এটা ভাবা বোকামি যে এই দুটি শত্রু একে অপরের থেকে আলাদা এবং ভিন্ন ভিন্ন লক্ষ্য অনুসরণ করে।

বিগত বছরগুলোর অভিজ্ঞতা স্পষ্টভাবে দেখিয়েছে যে তাদের লক্ষ্য হলো এই অঞ্চলে আধিপত্য বিস্তার করা এবং মুসলিম দেশগুলোকে ক্ষমতায় আসা থেকে বিরত রাখা।

তিনি বলেন, ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের শুরু থেকেই, ইসলামী প্রজাতন্ত্র ইরান মুসলমানদের ঐক্য, ইসলামের মর্যাদা এবং মুসলিম দেশগুলোর স্বাধীনতা অর্জনকে মৌলিক নীতি হিসেবে বিবেচনা করে আসছে এবং এই পথে তাকে অনেক বড় মূল্যও দিতে হয়েছে। ইরানের নেতৃত্ব, কর্মকর্তা, সামরিক বাহিনী এবং জনগণ এই ঐক্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন এবং এর প্রতি অনুগত।

শীর্ষনিউজ