Image description

মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা গড়ে উঠুক, ইসরায়েল তা চায় না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, মুসলিম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার হলে তা এ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান এসব কথা বলেন। ইরানের সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বৈঠকে ইরান ও কাতারের সাম্প্রতিক ‘বেদনাদায়ক ঘটনাগুলো’ পেছনে ফেলে দুই দেশের মধ্যে আবারও স্বাভাবিকভাবে দ্বিপক্ষীয় সহযোগিতা শুরু করার ওপর গুরুত্ব দেন পেজেশকিয়ান। তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক উত্তেজনা ও কঠিন পরিস্থিতি কাটিয়ে ইরান ও কাতার পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের পথে এগিয়ে যেতে পারবে।

পেজেশকিয়ান বলেন, ইরানি জনগণের সব আইনগত অধিকারকে স্বীকৃতি দিতে হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরান তার আইনগত অধিকারের বাইরে কিছু চায় না এবং কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান ও কাতার এর আগে বেশ কিছু যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু যুদ্ধের কারণে এসব চুক্তি বাস্তবায়ন পিছিয়ে যায়। একই কারণে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নও বাধাগ্রস্ত হয়।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলে দুই দেশ আবারও যৌথ উদ্যোগ ও সহযোগিতার পথে ফিরতে পারবে। একই সঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তথ্যসূত্র: তাসনিম নিউজ ও আনাদোলু এজেন্সি