Image description

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে নিরাপত্তাবেষ্টনী সরানোর তিন দিন পর নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের একটি অংশ গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। জেসিবি দিয়ে হাইকমিশনের বাইরে থাকা ব্যারিকেড, নিরাপত্তাবেষ্টনী ও ভিসা বিভাগের কাছে থাকা কিছু স্থাপনা ভেঙে দেয়া হয়। কর্তৃপক্ষের দাবি, এসব স্থাপনা হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরে ছিল।

এর আগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা নিরাপত্তাবেষ্টনী পাকিস্তানি কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছিল বলে খবর পাওয়া যায়।

এতে করে প্রতিশোধ নিতে ভারতও পাল্টা দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অংশ গুঁড়িয়ে দিল কি না, উঠছে সেই প্রশ্নও। তবে দুই দেশের কূটনৈতিক মিশনের বাইরে পাল্টাপাল্টি এমন পদক্ষেপে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সংশ্লিষ্ট সংস্থাগুলো জেসিবি মেশিন ব্যবহার করে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে এ অভিযান চালায়। এই অভিযানে হাইকমিশনের বাইরে সড়কের পাশে নির্মিত বিভিন্ন স্থাপনা ও ব্যারিকেড সরিয়ে দেয়া হয়।

এর মধ্যে ভিসা বিভাগের কাছে দর্শনার্থীদের লাইন নিয়ন্ত্রণে ব্যবহৃত স্থাপনাও ছিল।

এছাড়া পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা নিরাপত্তাবেষ্টনীও সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে আগে কূটনৈতিক মিশনটির চারপাশে থাকা যান চলাচল নিয়ন্ত্রণের খুঁটি ও ব্যারিকেডও সরানো হয়।

এর আগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা নিরাপত্তাবেষ্টনী পাকিস্তানি কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছিল বলে খবর পাওয়া যায়।

এর ঠিক তিন দিন পর দিল্লির পাকিস্তান হাইকমিশনের বাইরের এসব স্থাপনা সরানোর ঘটনা ঘটল।

পাকিস্তান হাইকমিশনের বাইরে থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, স্থাপনা ভাঙার পর পুরো এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। ভাঙা ধাতব রেলিং ও গেট, বাঁকানো ধাতব কাঠামো এবং কংক্রিটের টুকরো পড়ে থাকতে দেখা যায়। এছাড়া বাইরের কিছু স্থাপনা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। সেখানে ঢেউটিনের ছাদ ও সাদা ধাতব বেড়াও সরিয়ে ফেলার ছবি দেখা গেছে।

এছাড়া সেবা দেয়ার জানালাগুলোর আশপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু জায়গায় প্লাস্টার ও দেয়ালের অংশ ভেঙে পড়েছে। ভাঙা বেড়া ও নির্মাণসামগ্রীও কাউন্টারগুলোর আশপাশে পড়ে থাকতে দেখা গেছে।

তবে পাকিস্তান হাইকমিশনের মূল প্রবেশপথ অক্ষত রয়েছে। সাদা দেয়াল, গম্বুজাকৃতির নকশা এবং পাকিস্তানের প্রতীকযুক্ত বড় ধাতব গেটও ঠিক রয়েছে। হাইকমিশনের সীমানার কিছু অংশে কাঁটাতারের বেড়াও দেখা গেছে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) কাশ্মীর নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আপত্তি জানায় পাকিস্তান। শ্রীনগর সফরের সময় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের গুরুত্বপূর্ণ অংশ’ বলে মন্তব্য করেন। তিনি উপত্যকার নিরাপত্তা পরিস্থিতিরও প্রশংসা করেন।

ওই মন্তব্যে পাকিস্তানে অসন্তোষ তৈরি হয়। এর পর ইসলামাবাদে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ন্যাটালি বেকারকে তলব করে প্রতিবাদ জানায় পাকিস্তান। তবে পাকিস্তানের এই প্রতিক্রিয়ার সঙ্গে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে স্থাপনা ভেঙে ফেলার কোনও সম্পর্ক আছে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

শীর্ষনিউজ