Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাজধানী গাজা সিটির পৌর পুলিশ সদর দপ্তরে ইসরাইলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।  এ ছাড়া আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।  খবর দ্য ডনের 

বুধবার (১৯ আগস্ট) গাজা সিটির আল-শিফা হাসপাতাল জানিয়েছে, হামলার পর সেখানে ৯টি মরদেহ নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষও নিহতের সংখ্যা ৯ বলে নিশ্চিত করেছে।

২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

 

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, হামলায় গাজা সিটির পুলিশ সদর দপ্তরে থাকা হামাসের এক কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল।

তাদের দাবি, ওই কমান্ডার গাজায় ইসরাইলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন।

তবে হামাসের মুখপাত্র হাজেম কাসেম ইসরাইলি হামলার নিন্দা করেছেন। তিনি এটিকে যুদ্ধবিরতির সব আহ্বানের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা বলে মন্তব্য করেন।

 

এদিকে, পাঁচ বছর বয়সি ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের গাড়িতে গুলি চালানোর ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে।  ইসরাইলি সামরিক বাহিনী ওই গাড়িতে গুলি চালানোর কথা স্বীকার করে।  স্বাধীনভাবে করা এক ফরেনসিক তদন্তে দেখা গেছে, গাড়িটিতে ৩৫৫টি গুলি করা হয়েছিল।