Image description

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় একটি স্বর্ণখনিতে ধসের ঘটনায় অন্তত ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর আরও কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে খনিটিতে হঠাৎ ধস নামে। দুর্ঘটনার সময় সেখানে থাকা শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্ডে অল্প কয়েকজনের সঙ্গে জীবিত বেরিয়ে আসতে সক্ষম হন। তার ভাষ্য, ধসের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ভেতরে আটকা পড়া অধিকাংশ শ্রমিককে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম।

তবে খনিতে মোট কতজন শ্রমিক আটকা পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে।

নানা-মামবেরের ডেপুটি মেয়র সোলেইমানে বি এএফপিকে জানান, দিনভর উদ্ধার অভিযানে খনি থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন শ্রমিককে জীবিত ও আহত অবস্থায় বের করে আনা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাটিকে ভয়াবহ উল্লেখ করে ডেপুটি মেয়র বলেন, উদ্ধারকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহায়তা করছেন।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে উদ্ধার অভিযানের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। একটি ভিডিওতে কাদামাখা কয়েকজন শ্রমিককে খনির খাদ থেকে একটি মরদেহ বের করে আনতে দেখা যায়।

সরকারের মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ছোট আকারের স্বর্ণখনিতে দুর্ঘটনা নতুন নয়। দেশটিতে এমন শত শত খনি রয়েছে, যেখানে বিপুলসংখ্যক মানুষ কাজ করেন। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় এসব খনিতে প্রায়ই ধসসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে।

সূত্র: এএফপি, এনডিটিভি