সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর ইয়েমেনের জনগণকে অবরুদ্ধ রাখা এবং সামুদ্রিক চলাচলে বাধা দেওয়ায় রিয়াদকে অভিযুক্ত করে মন্তব্য করেছেন হুথির এক সামরিক মুখপাত্র। কাতার সেই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলো, বিশেষ করে ইয়েমেন সম্পর্কিত ২২১৬ নম্বর প্রস্তাব এবং লোহিতসাগরে চলাচলের অধিকার ও স্বাধীনতাসংক্রান্ত ২৭২২ নম্বর প্রস্তাব বাস্তবায়নে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছে।’
মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি। এর পাশাপাশি, নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরবের নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতি দোহার ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে তারা।
উল্লেখ্য, গত সপ্তাহে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে সৌদি আরবে ‘অবরোধ’ আরোপের হুমকি দিয়েছিল আনসার আল্লাহ নামে পরিচিত হুথিরা। এর মাত্র কয়েক দিন পরেই তারা সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ অবরোধের ঘোষণা দেয়।
তথ্যসূত্র: আলজাজিরা