Image description

ফিলিস্তিনি চিকিৎসক ও উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন একদল ইসরায়েলি অধিকারকর্মী। সোমবার জেরুজালেমে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনার সামনে তারা বিক্ষোভ করেন।

দখলবিরোধী ইসরায়েলি সংগঠন ফ্রি জেরুজালেম আয়োজিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিনি বন্দিদের প্রতি নির্যাতন বন্ধেরও দাবি জানান। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা ডা. আবু সাফিয়ার মুক্তির দাবিতে ব্যানার বহন করেন, ঢাক-ঢোল বাজিয়ে স্লোগান দেন এবং যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

 
 

বিক্ষোভে অংশ নেওয়া লুইস ফ্র্যাঙ্কেনথাল আনাদোলুকে বলেন, ডা. আবু সাফিয়ার আটক অবৈধ। তার অভিযোগ, আটক অবস্থায় ওই চিকিৎসক নির্যাতন, অনাহার এবং জীবনঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছেন।

 
 

তিনি বলেন, আমাদের বার্তা হলো নির্যাতন বন্ধ করুন, গণহত্যা বন্ধ করুন এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধ করুন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালায়। অভিযানের সময় রোগী ও চিকিৎসাকর্মীদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর হাসপাতালটি ধ্বংস করা হয় এবং পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে আটক করা হয়।

কালবেলা