Image description

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিউটিক্যালের তৈরি ‘কিউডেঙ্গা’ (Qdenga) টিকা ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমোদনের পর ২০২৭ সালের প্রথমার্ধে ভারতের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে টিকাটি পাওয়া যাবে।

২০৩০ সালের মধ্যে বছরে ১০ কোটি ডোজ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে তাকেদা। এ লক্ষ্যে ভারতীয় টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই-এর সঙ্গে অংশীদারত্ব অব্যাহত থাকবে। এর মাধ্যমে বছরে প্রায় ৫ কোটি ডোজ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে রেকর্ড ১ কোটি ৪৪ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১১ হাজার ২০১ জনের মৃত্যু হয়। এর মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৩২ হাজার ৪২৫ জন। মারা যান ২৩৩ জন।

তাকেদা জানিয়েছে, গত দুই দশকে ভারতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১ গুণ বেড়েছে। কিউডেঙ্গা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। ৪ থেকে ৬০ বছর বয়সী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য এই টিকা ব্যবহারযোগ্য।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে দ্বিতীয় ডোজ নেওয়ার এক বছর পর নিশ্চিত ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে টিকাটির কার্যকারিতা ছিল ৮০ দশমিক ২ শতাংশ। এ ছাড়া ১৮ মাস পর ডেঙ্গুজনিত হাসপাতালে ভর্তি প্রতিরোধে এর কার্যকারিতা ছিল ৯০ দশমিক ৪ শতাংশ।

বর্তমানে বিশ্বের ৪৩টি দেশে কিউডেঙ্গা অনুমোদিত হয়েছে। এই টিকা দুটি ০.৫ মিলিলিটার ডোজে দেওয়া হয়। দ্বিতীয় ডোজটি প্রথম ডোজ নেওয়ার তিন মাস পর নিতে হয়। টিকা নেওয়ার আগে কেউ আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা, তা পরীক্ষা করার প্রয়োজন নেই।