মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ইস্যুতে সোমবার ককরোচদের বিক্ষোভে আহত ছাত্রছাত্রী ও পুলিশ কর্মীদের দেখতে সোমবার দিল্লির আরএমএল হাসপাতালে যান আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
হাসপাতাল পরিদর্শনের পর কেজরিওয়াল জানান, বেশ কয়েকজন ছাত্রছাত্রী এবং পুলিশ কর্মী আহত হয়েছিলেন বিক্ষোভে। তাদের অধিকাংশকেই ভর্তি করা হয়েছিল আরএমএল হাসপাতালে। হাসপাতাল সূত্রে তিনি জানতে পেরেছেন, একজন ছাত্রী ছাড়া বাকি সকল আহত ছাত্রছাত্রী ও পুলিশ কর্মী বাড়ি চলে গেছেন। ওই ছাত্রী বর্তমানে আইসিইউতে ভর্তি এবং তার অবস্থা আশঙ্কাজনক।
সোশ্যাল মিডিয়ায় ১০ জনের মৃত্যুর দাবি ঘুরে বেড়ালেও, সেই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য তাদের কাছে নেই বলে জানান কেজরিওয়াল। তিনি বললেন, “যা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, তার কোনও প্রামাণ্য তথ্য আমাদের হাতে নেই।”
এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিক্ষোভের পর বেশ কয়েকজন ছাত্রছাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, পুলিশ কিছু ছাত্রছাত্রীকে আটক করে থাকতে পারে। এই পরিস্থিতিতে পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার কথাও জানান কেজরিওয়াল।
এছাড়াও, বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ছাত্রের বিরুদ্ধে মিথ্যা এফআইআর দায়েরের অভিযোগও উঠে এসেছে বলে দাবি করেন তিনি। ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনে আইনি ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে আম আদমি পার্টি বলেও জানান কেজরিওয়াল।