লন্ডনে এক ইরানি সাংবাদিকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় ইরানের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, ব্রিটিশ কর্মকর্তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বারবার ভিত্তিহীন অভিযোগ তোলায় দেশটির রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানে ইরানি জাতির প্রতি ব্রিটিশ সরকারের অনুচিত আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, লন্ডনে নিজ বাড়ির বাইরে ফারসি ভাষার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর সংবাদ উপস্থাপক পুরিয়া জেরাতির ওপর ছুরিকাঘাতের ঘটনায় গত সপ্তাহে দুই রোমানিয়ার নাগরিককে যথাক্রমে ১২ ও ৮ বছরের কারাদণ্ড দেন ব্রিটিশ আদালত।
সাজা ঘোষণার সময় বিচারক বলেন, হামলাটি ইরান সরকারের পক্ষেই চালানো হয়েছিল বলে জোরালো প্রমাণ পাওয়া গেছে। রায়ের পর যুক্তরাজ্যের নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল এই ঘটনাকে ‘জঘন্য হামলা’ আখ্যা দিয়ে বলেন, আমরা এই শাসনব্যবস্থাকে জবাবদিহির আওতায় আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।
এর জবাবে ইরান ব্রিটিশ রাষ্ট্রদূতকে জানিয়েছে, যুক্তরাজ্যে এমন কিছু সন্ত্রাসী চ্যানেলকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখা হয়েছে, যেগুলো বর্ণবাদী ও ভুয়া ইসরায়েলি শাসনব্যবস্থার অর্থায়নে চলে এবং সহিংসতা ও সন্ত্রাসবাদে উসকানি দেয়। ইরানের দাবি, এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসবাদে সহায়তা না করার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতাকে লঙ্ঘন করে, যা দ্রুত বন্ধ হওয়া উচিত।