Image description

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক অভিযানে তাদের কারাকাস থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদক পাচার ও নার্কো-টেররিজম বা মাদক-সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ইতোমধ্যেই আদালতে মামলার শুনানির সময় তারা দুজনেই নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। 

তবে পরবর্তীতে অনুষ্ঠিত শুনানিতে বিচারক তাদের বিরুদ্ধে আনা মামলা খারিজ করার আবেদনটি প্রত্যাখ্যান করেন। ফলে তাদের আইনি প্রক্রিয়া বহাল থাকছে।

আদালতে শুনানির পাশাপাশি নতুন এক জটিলতা তৈরি হয়েছে মাদুরো দম্পতির আইনি লড়াইয়ে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার সরকারি তহবিল থেকে তাদের আইনি ফি প্রদান করা যাচ্ছে না। এ বিষয়টি নিয়ে তাদের আইনজীবীরা আদালতে তীব্র আপত্তি তুলেছেন।

এদিকে, আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলার সাবেক এই প্রেসিডেন্টকে গ্রেফতারের ঘটনাটি বেশ বিতর্কের সৃষ্টি করেছে। চীনসহ বিশ্বের কয়েকটি দেশ এই গ্রেফতারের ঘটনায় মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

 

সূত্র: সিবিএস নিউজ