Image description

এক বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে চীনের অন্যতম ধনী ব্যবসায়ী গুও ওয়েনগুই-কে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

রিয়েল এস্টেট ব্যবসায়ী ওয়েনগুই ২০১৭ সালে চীন থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসেন। তিনি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সমালোচক হিসেবে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পান।

কিন্তু পরে গুও চাঁদাবাজি, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন। মাইলস গুও এবং হো ওয়ান কোয়োকসহ একাধিক নামে পরিচিত গুও-এর বিরুদ্ধে রায় দেওয়ার সময় আদালতে তার সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

নিউইয়র্কের আদালতের বিচারক অ্যানালিসা টরেস বলেছেন, নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য গুও চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টাকারীদের অর্থ শোষণ করেছেন।

যুক্তরাষ্ট্রের আইনজীবী শন এস বাকলি বলেছেন, তাকে দেওয়া অসংখ্য বৈধ সুযোগে সন্তুষ্ট না হয়ে গুও নিজের লোভের জন্য হাজার হাজার মানুষের রাখা বিশ্বাসের অপব্যবহার করেছেন।

বাকলি আরও বলেছেন, আজকের এই রায় দেখিয়ে দিয়েছে, খ্যাতি ও সম্পদ আইনের ঊর্ধ্বে না এবং বিশ্বাস নষ্ট করে যারা নিজেদের সমৃদ্ধ করে সেই প্রতারকদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে।

চীন থেকে পালিয়ে আসার আগে গুও একজন আবাসন নির্মাতা হিসেবে বিপুল সম্পদ গড়ে তুলেছিলেন এবং বেইজিং সরকারের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল।

কিন্তু শীর্ষ চীনা কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং সে সুযোগ লাভ করেন।

গুও চীনের কমিউনিস্ট শাসনের একজন সমালোচক হয়ে ওঠেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা সম্প্রদায়ের মধ্যে অনলাইনে ব্যাপক অনুসারী তৈরি করেন।

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননসহ অন্য চীন সমালোচকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন।

ব্যানন ও গুও প্রায়ই অনলাইন ভিডিওতে উপস্থিত হতেন এবং ২০২০ সালে চীনা কমিউনিস্ট পার্টিকে উৎখাত করার জন্য ‘চীনের নতুন যুক্ত রাষ্ট্র’ নামে একটি প্রচারণা শুরু করেন।

প্রসিকিউটররা বলেছেন, গুও ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে তার অনলাইন অনুসারীদের কাছ থেকে ১ বিলিয়ন ডলারের (৭৬০ মিলিয়ন পাউন্ড) বেশি অর্থ সংগ্রহ করেছেন, যারা তার সঙ্গে বিনিয়োগ এবং ক্রিপ্টোকারেন্সি প্রকল্পে যুক্ত হয়েছিল।

তাদের ভাষ্য, সংগ্রহ করা অর্থ গুও-এর বিলাসবহুল জীবনযাপনের জন্য ব্যবহৃত হতো, যার মধ্যে ছিল একটি ৫০,০০০ বর্গফুটের প্রাসাদ, একটি ১০ লাখ ডলারের ল্যাম্বরগিনি এবং একটি ৩.৭ কোটি ডলারের ইয়ট।

গুও অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, তহবিলগুলো তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হয়েছিল।

সূত্র : বিবিসি