Image description

লেবাননের কোনো ভূখণ্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েলের নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে তিনি সর্তক করে বলেছেন, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা (আইডিএফ) এক মিলিমিটারও জায়গা ছাড়বে না।

স্থানীয় সময় সোমবার কাটজ এ মন্তব্য করেছেন। এর আগে, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ থামানোর জন্য চুক্তির পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান লেবানন সফর করেছেন।

চুক্তি অনুযায়ী, লেবাননের সামরিক বাহিনী অন্য সশস্ত্র ও প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলবে। এরপরেই ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করবে।

কাটজ বলেছেন, একটি পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ লেবাননের দুটি নির্ধারিত স্থান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। এর বাইরে অন্য কোনো এলাকা থেকে সেনাদের সরিয়ে নেওয়ার সম্ভাবনা নেই। এ কর্মসূচির আওতায় লেবাননের সেনাবাহিনী দায়িত্বভার গ্রহণ করবে।

তিনি আরও বলেছেন, লেবাননে ইসরায়েল পরবর্তী সময়ে কোন কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে, তা নিয়ে মানুষের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। কারণ হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তা ঘটবে না। লেবাননে আমাদের কোনো ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা নেই, কিন্তু হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত আমরা এক মিলিমিটারও সরে যাব না।

চুক্তির পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, হিজবুল্লাহকে বিতাড়িত করতে লেবানিজ সেনাবাহিনীকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত মোতায়েন করার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে, ইসরায়েল গত রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালিয়েছে। ওই এলাকায় সেনাদের ওপর গোষ্ঠীটির হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ওই এলাকায় একটি বিস্ফোরণে আইডিএফের এক সেনা গুরুতর আহত হয়েছেন।

সূত্র : টাইমস অব ইসরায়েল