ব্রিটেনের শেফিল্ডে একাধিক অপ্রাপ্তবয়স্ক মেয়ের ওপর ভয়াবহ যৌন নির্যাতনের ঘটনায় এক ব্যক্তিকে অনুপস্থিতিতেই ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দোষী সাব্যস্ত ওই ব্যক্তির নাম ওমর ইলিয়াস (৪১)। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সাজা ঘোষণার আগে তিনি বিচার এড়াতে পাকিস্তানে পালিয়ে গেছেন।
আদালতের নথি অনুযায়ী, ‘কিলার’ নামে পরিচিত ইলিয়াস প্রায় দুই দশক আগে শেফিল্ডে ১২ বছর বয়সীসহ একাধিক কিশোরীর ওপর যৌন নির্যাতন চালান। বিচার চলাকালে উঠে আসে, তিনি ভুক্তভোগীদের ভয় দেখাতে অস্ত্রের ব্যবহার, গ্যাং-ধর্ষণের হুমকি এবং শারীরিক সহিংসতার আশ্রয় নেন।
এক ঘটনায় ভুক্তভোগীকে কামড় দেওয়ার বিষয়টিও আদালতে উপস্থাপন করা হয়। বিচারক পিটার হ্যাম্পটন তাকে ‘কাপুরুষ’ উল্লেখ করে বলেন, ইলিয়াস জামিনে থাকা অবস্থায় দেশ ছেড়ে পালান।
আদালত পাঁচজন ভুক্তভোগীর সাহসের প্রশংসা করে জানায়, তাদের সাক্ষ্যের ভিত্তিতেই দোষ প্রমাণিত হয়েছে। একজন ভুক্তভোগী আদালতে বলেন, অভিযুক্তদের কারণে তার শৈশব নষ্ট হয়ে গেছে এবং জীবনের প্রতিটি পর্যায়ে সেই ক্ষতের প্রভাব রয়ে গেছে।
এই মামলায় ওমর ইলিয়াসের আরও দুই সহোদর কামার ইলিয়াস (৩৯) এবং কামরান ইলিয়াস (৩৮)-কেও দোষী সাব্যস্ত করা হয়েছে। কামার ইলিয়াসকে ১০ বছর এবং কামরান ইলিয়াসকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আদালত জানিয়েছে, মূল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে ব্রিটেনে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
শীর্ষনিউজ/