Image description

মস্কোর একটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর আকাশজুড়ে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। এটি শুধু একটি সামরিক হামলার দৃশ্য নয়। বরং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন বাস্তবতার প্রতীক। যুদ্ধের প্রভাব যে এখন রাশিয়ার রাজধানীতেও দৃশ্যমান, সেই বার্তাই যেন দিয়েছে এই ঘটনা।

তিন বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতের শুরুতে যুদ্ধ ছিল মূলত ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ। কিন্তু এখন তার প্রভাব ক্রমশ রাশিয়ার অভ্যন্তরে, এমনকি রাজধানী মস্কোর দৈনন্দিন জীবনেও দৃশ্যমান হয়ে উঠছে।

এই হামলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক শুধু ক্ষয়ক্ষতি নয়, বরং এর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রভাব। কারণ যুদ্ধের শুরুতে ক্রেমলিন যে বার্তা দিতে চেয়েছিল, তা হলো—‘বিশেষ সামরিক অভিযান’ সীমিত পরিসরের একটি পদক্ষেপ। যা সাধারণ রুশ নাগরিকের জীবনকে প্রভাবিত করবে না। দীর্ঘ সময় ধরে মস্কোবাসীর বড় একটি অংশও সেই বাস্তবতাই অনুভব করেছে। যুদ্ধের খবর ছিল টেলিভিশনে, কিন্তু তার অভিঘাত ছিল না রাজধানীর রাস্তায়।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র বদলেছে। ড্রোন হামলা, সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ দেখিয়ে দিচ্ছে, যুদ্ধ এখন আর সীমান্তের অনেক দূরের কোনো ঘটনা নয়। ইউক্রেনের কৌশলও স্পষ্ট—রাশিয়ার অভ্যন্তরে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করা এবং যুদ্ধের খরচকে শুধু ফ্রন্টলাইনে সীমাবদ্ধ না রাখা।

তবে আরও গুরুত্বপূর্ণ হলো মস্কোর মানুষের প্রতিক্রিয়া। তেল শোধনাগারে আগুন জ্বলছে, আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে, অথচ কেউ মাছ ধরছে, কেউ বাজার করছে, শিশুরা খেলছে। প্রথম দেখায় এটি উদাসীনতা মনে হতে পারে। বাস্তবে এটি দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক মানসিক অভিযোজন। ইতিহাসে লন্ডনে জার্মান বোমা হামলা, বাগদাদে যুদ্ধ কিংবা কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলার সময়ও একই চিত্র দেখা গেছে। মানুষ শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য স্বাভাবিক জীবনকে আঁকড়ে ধরে।

কিন্তু এই স্বাভাবিকতা দ্বিমুখী। একদিকে এটি সমাজের স্থিতিস্থাপকতার প্রমাণ, অন্যদিকে যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রও তৈরি করে। যখন মানুষ হামলা ও বিস্ফোরণের খবরকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে মেনে নেয়, তখন রাজনৈতিক নেতৃত্বের ওপর যুদ্ধ শেষ করার জনচাপও তুলনামূলকভাবে কমে যায়।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিক্রিয়াও এখানে গুরুত্বপূর্ণ। হামলার ক্ষয়ক্ষতি বা নিরাপত্তা দুর্বলতার প্রশ্নে আলোকপাত না করে তারা বেশি জোর দিয়েছে—রাশিয়া ইউক্রেনকে আরও বেশি ক্ষতি করছে। এটি মূলত জনমত নিয়ন্ত্রণের কৌশল। যুদ্ধরত রাষ্ট্রগুলো প্রায়ই নিজেদের জনগণকে বোঝানোর চেষ্টা করে যে, সাময়িক কষ্ট সত্ত্বেও তারা এগিয়ে আছে। এতে জনগণের মনোবল ধরে রাখা সহজ হয়।

তবে অর্থনৈতিক বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনের ড্রোন হামলার অন্যতম প্রধান লক্ষ্য রাশিয়ার জ্বালানি অবকাঠামো। তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় হামলা শুধু প্রতীকী নয়; এটি রাশিয়ার রাজস্ব, জ্বালানি সরবরাহ এবং সামরিক সক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ইতোমধ্যে দেশটির কিছু অঞ্চলে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ যুদ্ধের অর্থনৈতিক চাপও ক্রমশ অভ্যন্তরীণ বাস্তবতায় পরিণত হচ্ছে।

মস্কোর আকাশে ভাসমান কালো ধোঁয়া শুধু একটি ড্রোন হামলার ফল নয়। এটি যুদ্ধের পরিবর্তিত চরিত্রের প্রতিচ্ছবি। ইউক্রেন দেখাতে চাইছে যে যুদ্ধের মূল্য শুধু তার জনগণই দেবে না, রাশিয়াকেও সেই মূল্য দিতে হবে। অন্যদিকে ক্রেমলিন চেষ্টা করছে জনগণকে বোঝাতে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং প্রতিপক্ষ আরও বেশি ক্ষতিগ্রস্ত।

কিন্তু সবচেয়ে বড় সত্য সম্ভবত অন্যত্র। যুদ্ধ যত দীর্ঘ হয়, ততই ‘অস্বাভাবিক’ বিষয়গুলো মানুষের কাছে ‘স্বাভাবিক’ হয়ে ওঠে। আর সেটিই হয়তো এই সংঘাতের সবচেয়ে গভীর এবং উদ্বেগজনক প্রভাব-যেখানে কালো ধোঁয়ায় ঢাকা আকাশের নিচেও মানুষ জীবন চালিয়ে যেতে শেখে। কারণ তাদের সামনে আর কোনো বিকল্প থাকে না।