Image description

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বাধ্যবাধকতা রয়েছে।

এই চুক্তির কোনো ধরনের লঙ্ঘন ঘটলে তার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ফোনালাপে আরাঘচি গত ১৮ জুন স্বাক্ষরিত এই স্মারকটিতে পৌঁছানোর ক্ষেত্রে ইসলামাবাদের মধ্যস্থতা এবং কূটনৈতিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। এই চুক্তিতে যেকোনো ধরনের লঙ্ঘনের জন্য ওয়াশিংটনই দায়ী থাকবে’, ইসহাক দারকে জোর দিয়ে বলছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই কূটনৈতিক অগ্রগতিকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি এই বিষয়ে একটি ইতিবাচক ফলাফলে পৌঁছানো পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা বজায় রাখার আশ্বাস দেন।

টেলিফোনে আলাপকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়েও পর্যালোচনা করেন। আগামীতেও নিজেদের মধ্যে আলোচনা ও পরামর্শ চালিয়ে যাওয়ার বিষয়ে তারা উভয়ে একমত হন।

 

সূত্র : মেহের নিউজ এজেন্সি