Image description

অবশেষে দ্বন্দ্ব ভুলে সুইজারল্যান্ডে শান্তি আলোচনায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। স্থায়ী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সইয়ের পরবর্তী ধাপ বাস্তবায়নের লক্ষ্যে সুইজারল্যান্ড বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। এরইমধ্যে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে অবশ্য দুই পক্ষই সুইজারল্যান্ডে শান্তি আলোচনার বিষয়টি স্থগিতের ঘোষণা দিয়েছিল। এর পেছনে সমঝোতা স্মারকের অন্যতম শর্ত- লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি বাস্তবায়ন না হওয়াকেই কারণ হিসেবে উল্লেখ করেছিলেন কূটনৈতিক বোদ্ধারা।

তবে শুক্রবার ইসরায়েল ও হিজবুল্লাহ লেবাননে যুদ্ধবিরতিতে রাহি হওয়ার কয়েক ঘণ্টা পরই সুইজারল্যান্ড সফর নিশ্চিত করেন উইটকফ ও আরাগচি।

এক্সিওসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্ট বুধবার ইলেক্ট্রনিক মাধ্যমে ১৪ দফার একটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশের মধ্যে তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেন। এই প্রাথমিক চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ অন্য জটিল বিরোধ নিষ্পত্তির জন্য ৬০ দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়, যা ভবিষ্যতে আরও স্থায়ী চুক্তির পথ তৈরি করতে পারে।

সে লক্ষ্যে নিরপেক্ষ দেশ হিসেবে বেছে নেওয়া হয় ইউরোপীয় দেশ সুইজারল্যান্ডকে। তবে লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পরবর্তী আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার সুইজারল্যান্ডে আলোচনায় যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেন।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, লেবাননে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টার দিকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তার আগে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছিল। যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করেন।

এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘হিজবুল্লাহ যদি আমাদের ওপর আক্রমণ না করে, তাহলে আমাদের জন্য এটি যুদ্ধের সময় নয়।’ যুদ্ধবিরতি হলেও ইসরায়েল দক্ষিণ লেবাননে নিজেদের বাহিনী মোতায়েন রাখবে বলেও জানান তিনি।

অন্যদিকে লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানায়, যুদ্ধবিরতি কার্যকরের পরও প্রথম এক ঘণ্টায় ইসরায়েল প্রায় এক ডজন বিমান হামলা চালায়। তবে এদিন বিকাল ৫টার পর আর কোনো হামলার খবর পাওয়া যায়নি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোরের পর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ৯৭ জন আহত হয়েছেন। আর ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের চার সেনা নিহত হয়েছেন।

ইসরায়েল ও হিজুবুল্লাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জেডি ভ্যান্সের পরিবর্তে শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন স্টিভ উইটকফ। এরইমধ্যে সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

অবশ্য স্টিভ উইটকফের সফরসংক্রান্ত কোনো প্রশ্নের জবাব দেয়নি হোয়াইট হাউস।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সফর নিশ্চিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, শনিবার সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন আরাগচি। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে আব্বাস আরাগচি বলেন, ‘চুক্তির কোনো শর্ত লঙ্ঘিত হলে, বিশেষ করে লেবাননে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ভঙ্গ হলে, তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।’

এর আগে ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছিল সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগের আলোচনা স্থগিত করা হলেও সুইজারল্যান্ড মধ্যস্থতার জন্য প্রস্তুত রয়েছে এবং কারিগরি আলোচনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়টি অব্যাহত আছে।

অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিতে হবে।

তবে আলোচনায় অন্তর্ভুক্ত না হওয়া ইসরায়েল বলেছে, তারা এই চুক্তির পক্ষ নয়।