Image description

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইমস স্কয়ার এলাকায় গুলির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় অন্তত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।

স্থানীয় সময় ১৬ জুন টাইমস স্কয়ারের ৪২তম স্ট্রিট ও ব্রডওয়ে সংলগ্ন এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা গেলে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক গুলির শব্দ ও বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়।

ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়। ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় পুলিশ গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যায়। এছাড়া আরও চারজন ছুরিকাহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিউইয়র্ক নিকসের দীর্ঘদিন পর এনবিএ শিরোপা জয়ের উদযাপন চলাকালে এই বিশৃঙ্খলা শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়। এ সময় কিছু ব্যক্তি পুলিশের গাড়িতে হামলা চালায়, কাচ ভাঙচুর করে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন পুলিশ সদস্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান চালানো হয়।

শীর্ষনিউজ