Image description

২০২০ সালের নির্বাচনে কারচুপি এবং ৬ জানুয়ারির বিদ্রোহে অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয় নিয়ে কঠিন প্রশ্নের মুখে পড়ে এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান থেকে মাঝপথেই বেরিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনে এনবিসি-র সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারের সাথে এক উত্তপ্ত তর্কাতর্কির পর ট্রাম্প সাক্ষাৎকারটি বন্ধ করে দেন।

শুক্রবার (৫ জুন) ধারণ করা এই সাক্ষাৎকারটি রবিবার (৭ জুন) প্রচারিত হয়।

সাক্ষাৎকারে আলোচনার একপর্যায়ে ট্রাম্প দাবি করেন, ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন এবং ক্যালিফোর্নিয়ার চলতি প্রাইমারি নির্বাচন—উভয় ক্ষেত্রেই ব্যাপক কারচুপি হয়েছে। ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ভোট গণনা নিয়ে ট্রাম্প বলেন, ‘চার দিন পার হয়ে গেলেও কেন ফলাফল দেওয়া হচ্ছে না? তারা নির্বাচনে প্রতারণা করছে।’ উপস্থাপিকা ক্রিস্টেন ওয়েলকার যখন এই কারচুপির দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চান, তখন ট্রাম্প কোনো প্রমাণ দিতে না পেরে বলেন, ‘আমার শুধু তাকাতে হয়, আর আমি শুনি।

উপস্থাপিকা তাৎক্ষণিক বাধা দিয়ে বলেন, এটা কোনো প্রমাণ নয়। ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে ভোটের ব্যাপক ব্যবহার এবং সতর্কতার কারণে ফলাফল দিতে কিছুটা দেরি হওয়া স্বাভাবিক—এই বিষয়টি মনে করিয়ে দিলে ট্রাম্প আরো রেগে যান। তিনি উপস্থাপিকাকে উদ্দেশ্য করে বলেন, ‘ওরা অসৎ, ঠিক তোমার মতোই অসৎ। তুমি হয় অসৎ, না হয় বোকা।

সাক্ষাৎকারে ট্রাম্পের পরিকল্পিত ১.৮ বিলিয়ন ডলারের ‘অস্ত্রায়ন-বিরোধী’ তহবিল নিয়েও কথা হয়। সরকারি তদন্তের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই তহবিল গঠনের কথা ছিল, যা বর্তমানে বাতিল করা হয়েছে। ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান নেতার আশঙ্কা ছিল, এই তহবিল থেকে ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় অভিযুক্তদের অর্থ দেওয়া হতে পারে। এই দাঙ্গা এবং ইরানের সাথে মার্কিন সংঘাতের প্রসঙ্গ নিয়েও সাক্ষাৎকারে দীর্ঘ আলোচনা হয়।

টানা ৫০ মিনিট ধরে চলা এই সাক্ষাৎকারে বারবার প্রশ্নবানে জর্জরিত হয়ে ট্রাম্প শেষ পর্যন্ত বলেন, ‘দুঃখিত, এখানেই শেষ করা যাক, কারণ আমার যথেষ্ট হয়েছে।

’ তিনি ক্যামেরার পেছনের কর্মীদের দিকে ইশারা করে বলেন, ‘চলো, যাই।’ সেট ছাড়ার আগে তিনি যোগ করেন, ‘একটি অসৎ সংবাদমাধ্যম নিয়ে কোনো দেশ কখনো মহান হতে পারে না।’

সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর উপস্থাপিকা ক্রিস্টেন ওয়েলকার জানান, প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে সাক্ষাৎকারে কিছুটা যান্ত্রিক গোলযোগ হয়েছিল। তবে ট্রাম্পের সাথে তার পরবর্তীতে কথা হয়েছে এবং ট্রাম্প খুব শীঘ্রই ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরেকটি সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন।

সূত্র : বিবিসি