Image description

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাংক ধ্বংসের দাবি করেছে হিজবুল্লাহ। সোমবার (২৫ মে) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, নাবাতিয়ে প্রদেশের দাবল শহরে ইসরায়েলের দুটি মেরকাভা ট্যাংক ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে। খবর প্রেসটিভির।

হিজবুল্লাহ আরও দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা অবস্থান, ঘাঁটি ও যানবাহনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে সীমান্ত এলাকার জাল আল-আলাম ও অন্যান্য সামরিক স্থাপনাও রয়েছে।

সংগঠনটির মতে, এসব হামলা লেবাননের সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে করা হয়েছে এবং তারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিচ্ছে।

তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে থেকেই দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

সংঘাতের কারণে সীমান্ত অঞ্চলে পরিস্থিতি এখনো চরম উত্তেজনাপূর্ণ রয়েছে।