Image description

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বন্ধে চুক্তি হলে ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারে ইরান। মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জাপানের দৈনিক নিক্কেই।

প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে শত্রুতা বন্ধের সমঝোতা কার্যকর হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রণালিতে পাতা মাইন অপসারণের কাজ করবে ইরান। এরপর বিশ্বের সব দেশের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে নিরাপদ ও স্বাধীনভাবে। একই সঙ্গে জাহাজ চলাচলের ওপর থেকে ট্রানজিট ফিও প্রত্যাহার করবে ইরান।

নিক্কেই আরও জানিয়েছে, গত এপ্রিলের শুরুতে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, সেটির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়েও চলছে আলোচনা। এই দুই মাসের বিরতিতে সম্ভাবনা রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক উত্তেজনা ব্যাপক উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে প্রণালি পুনরায় উন্মুক্ত করার সম্ভাবনাকে গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা।