Image description

নরওয়ের একটি সংবাদপত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রকাশিত এক কার্টুন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কার্টুনে মোদিকে ‘সাপুড়ে’ হিসেবে দেখানো হয়, যা অনেকেই বর্ণবাদী ও ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে সমালোচনা করছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের 'দৈনিক আফটেনপোস্টেন' কার্টুনটি প্রকাশ করেছিলো। 

অসলোতে মোদির অবতরণের মাত্র কয়েক ঘণ্টা আগে একটি অপিনিয়ন এডে এটি ছাপা হয়। মোদির এক সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুনটি ভাইরাল হয়ে যায়।

কার্টুনে সাপটিকে আবার জ্বালানি পাম্পের নল হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা দেশটিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে। মূলত, ৫দিনের মধ্যে ভারতে ২ দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ছবিটি ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের ওপর ক্রমবর্ধমান চাপকে 'মেটাফোরের' মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। 

কার্টুনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে অপমানজনক এবং পুরনো ঔপনিবেশিক স্টেরিওটাইপের পুনরাবৃত্তি বলে আখ্যা দেন।

Image

এক্স অনেকে বলেন, এ ধরনের চিত্রায়ণ ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রতি অসম্মানজনক এবং বিদেশি মিডিয়ার একপেশে দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তবে, অন্য একটি পক্ষ আবার এই বিতর্ককে অতিরঞ্জিত বলেও মন্তব্য করেছে এবং ভারতের কিছু গণমাধ্যমের প্রতিক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন পর্যন্ত ভারতের সরকার বা প্রধানমন্ত্রীর দফতর এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে, ২০২২ সালেও, স্প্যানিশ একটি সংবাদপত্র একই ধরনের ‘সাপুড়ে’ প্রতীক ব্যবহার করে ভারতকে নিয়ে কার্টুন প্রকাশ করায় বিতর্ক তৈরি হয়েছিল।