Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর প্রায় ৭০০ কোটি টাকার বাউন্টি (মাথার দাম) ঘোষণার বিল আনছে ইরানের পার্লামেন্ট।

গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি।

'ইসলামী প্রজাতন্ত্রের সামরিক-নিরাপত্তা বাহিনীর পারস্পরিক ব্যবস্থা’ শীর্ষক বিলের আওতায় এই ৭১৬ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি।

নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাবিয়ান বলেন, যারা ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘নরকে পাঠাবে’, তাদের জন্য এই পুরস্কার। খামেনির হত্যার পেছনে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপারকেও দায়ী করছে ইরান।

এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি ব্র্যাড কুপারের ওপর হামলার চেষ্টা করে, তবে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’।

এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র সংশোধিত শান্তি প্রস্তাব বিনিময় করেছে। তবে অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মেনে নেবে এমন কোনো নতুন প্রস্তাব করেনি ইরান। তিনি আরও বলেন, ‘যদি আলোচনায় সুরাহা না হয়। তবে বোমা দিয়ে কথা বলতে হবে।’

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তাঁরা যুক্তরাষ্ট্রের পাল্টা প্রস্তাবগুলো পর্যালোচনা করছেন এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

দ্রুত চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়ে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইরানের সময় ফুরিয়ে আসছে, দ্রুত সিদ্ধান্ত না নিলে অস্তিত্বের কিছুই অবশিষ্ট থাকবে না।’

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ